ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা কুইন্স পার্ক রেঞ্জার্স বুধবার ১-০ গোলে চেলসিকে পরাজিত করে অঘটন ঘটিয়েছে। গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন লিগ জয়ী চেলসির পুরোনো খেলোয়াড় শন রাইট-ফিলিপস ৭৮ মিনিটে তার সাবেক ক্লাবকে হতাশ করে এই জয় ছিনিয়ে নেয়।
৩১ বছর বয়সী শন স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিকদের শুধুমাত্র জয় থেকেই বঞ্চিত করেননি বরং গুরুত্বপূর্ণ এই জয়ে নিজ দলের জন্য স্বস্তি ফিরিয়ে এনেছে। আর এই পরাজয়ে চেলসিকে হটিয়ে গতকাল তৃতীয় স্থানে উঠে আসা টটেনহ্যাম হটস্পার তাদের উন্নতি বজায় রাখল। ২০ ম্যাচে চেলসির সংগ্রহ এখন ৩৮ পয়েন্ট। এক পয়েন্ট এগিয়ে টটেনহ্যামের পয়েন্ট ৩৯ হলেও তারা এক ম্যাচ বেশি খেলেছে। ৫২ পয়েন্ট নিয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচ শেষে কিউপিআর ম্যানেজার হ্যারি রেডন্যাপ বলেছেন, ‘‘তারা ম্যাচটিকে খুব একটা গুরুত্বের সাথে নেয়নি, তার ফল তারা পেয়েছে। আজকের ম্যাচে জয়টা আমাদের প্রাপ্য ছিল এবং এটা ছিল অসাধারণ এক পারফরমেন্স। আমার খেলোয়াড়রা আজ একটি মান রচনা করেছে এবং আশা করছি প্রতি সপ্তাহে এটা বজায় রাখবে।”
এর আগে দিনের শুরুতে নিউক্যাসল ইউনাইটেড ঘোষণা দিয়েছিল তারা চেলসি থেকে স্ট্রাইকার ডেম্বা বাকে দলে ভেড়ানোর বিড সফলভাবে সম্পন্ন করেছে। গতকালের ম্যাচে প্রথম একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ মাঠে নেমেছিলেন। প্রথম একাদশে কাল ছিলেন না অ্যাশলি কোল, রামিরেজ, হুয়ান মাতা, ইডেন হ্যাজার্ড এবং ইনজুরি আক্রান্ত পিটার চেক। আর এই পরিবর্তনের কারণে দলকে চরম মূল্য দিতে হলো। এদের অনুপস্থিতিতে চেলসিতে নতুন খেলোয়াড়দের সুযোগ এসে যায়।
এদের মধ্যে এবারই লিগে প্রথমবারের মত মূল একাদশে সুযোগ পান জার্মান উইঙ্গার মার্কো মারিন। চতুর্থ মিনিটেই তার অসাধারণ একটি চ্যালেঞ্জ কিউপিআর মিডফিল্ডার স্টিফেন এমবিয়া কোনরকমে রক্ষা করেন। দ্বিতীয়ার্ধে ফার্নান্দো তোরেসের একটি জোড়ালো শট দারুণভাবে রক্ষা করেন প্রতিপক্ষ গোলরক্ষক জুলিও সিজার। আর ফ্র্যাংক ল্যাম্পার্ডের গোল অফ সাইডের কারণে বাতিল করা হয়।
ম্যাচ শেষে হতাশ বেনিতেজ বলেছেন, ‘আজকের ম্যাচে অনেক কিছুই ভুল ছিল। আমরা জানতাম লিগ টেবিলের একেবারে নীচের দলের বিপক্ষে আমরা খেলতে নামছি এবং আমরা সেটা নিয়ে কথা বলেছি। আমরা জানতাম ম্যাচে মনোযোগ দিতে হবে। কিন্তু সেটা আমরা দেখাতে পারিনি এবং মনে হচ্ছে কিছু কিছু খেলোয়াড় পরিশ্রান্ত ছিল। প্রতিপক্ষ যদি ভালভাবে সমন্বিত হয়ে খেলে তবে তাদের বিপক্ষে আমাদের কৌশলটা ঠিক ছিল না।’
দিনের অপর ম্যাচে এভারটন পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত নিউক্যাসেলের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
নিউক্যাসেলে সেন্ট জেমস পার্কে ম্যাচের দুই মিনিটেই নিউক্যাসেলের গোলরক্ষক টিম ক্রুলের লম্বা কিক থেকে বল সফরকারীদের বাউন্স খেয়ে প্যাপিস সিসের পায়ে আসলে তার থেকে দলকে এগিয়ে দেন এই সেনেগাল স্ট্রাইকার। ৪৩ মিনিটেই লেইটন বাইনেস মৌসুমের অন্যতম এক সেরা গোলের মাধ্যমে ম্যাচে সমতা ফেরান। প্রায় ৩০ গজ দূর থেকে লেইটনের এই ফ্রি-কিক স্বাগতিক গোলরক্ষকের জন্য রক্ষা করা কঠিনই ছিল। ৬০ মিনিটে দলের জয় নিশ্চিত করেন বদলী খেলোয়াড় ভিক্টর আনিচেবে।
আনফিল্ডে নিজেদের মাটিতে সান্দারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ের মাধ্যমে লিভারপুল দুইধাপ উপরে উঠে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে। ২১ ম্যাচে তাদের বর্তমান সংগ্রহ ৩১ পয়েন্ট।
লুইস সুয়ারেজের পাস থেকে ১৯ মিনিটে তরুণ উইঙ্গার রাহিম স্টার্লিং প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। স্টিভেন জেরার্ডের পাস থেকে ৫৩ মিনিটে উরুগুয়ের এই ফরোয়ার্ড দলের পক্ষে তৃতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেন। এই নিয়ে সুয়ারেজ এবারের মৌসুমে ১৫তম গোল করলেন। - বাসস/এএফপি
