তেরো হাজারি ক্লাবে ক্যালিস

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ১৯:৪৬
জ্যাক ক্যালিস টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ এবং প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে তেরো হাজারি রানের ক্লাবে যোগ দেয়ার কৃতিত্ব দেখিয়েছেন। তেরো হাজারি ক্লাবে অন্য তিন সদস্য হচ্ছেন ভারতের শচীন টেন্ডুলকার (১৫,৬৪৫), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩,৩৭৮) ও আরেক ভারতীয় রাহুল দ্রাবিড় (১৩,২৮৮)। তেরো হাজার রানে পৌঁছাতে শচীন খেলেছিলেন ২৬৬ ইনিংস। সেখানে ক্যালিসের প্রয়োজন হলো ২৬৯ ইনিংসের। গত বুধবার কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথমটির উদ্বোধনী দিনেই ক্যারিয়ারের এ দারুণ মাইলফলকে পৌঁছে যান ক্যালিস। এই মাইলফলক ছুঁতে ক্যালিসের প্রয়োজন ছিল ২০ রান। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সফরকারীদের সকালের সেশনে ৪৫ রানে অলআউট করে দেয়। ক্যালিস চা বিরতির পর তেরো রানে পৌঁছে যান। নিউজিল্যান্ডের পেসার ডুগ ব্রেসওয়েলকে ব্যাকওয়ার্ড পয়েন্টে চার হাঁকিয়ে ব্যাট উচিয়ে ধরেন বিরল এই মাইলফলকে পৌঁছানো ক্যালিস। তিনি এদিন ট্রেন্ট বোল্টের বলে শিকার হওয়ার আগে ৬০ রান করেন পাঁচটি চার ও দু’টি ছয়ের মারে (১৩,০৪০ রান)। বর্তমানে ৩৭ বছর বয়সী ক্যালিস ১৫৯টি টেস্টে ২৮২টি উইকেটও শিকার করেছেন। এটি ছিল ক্যালিসের ৫৭তম টেস্ট হাফ সেঞ্চুরি। দিনের শেষে ক্যালিস বলেন, ‘নিউল্যান্ডসে খেলতে আমি ভালোবাসি। তাই এখানে এমন অর্জন তুলে নেয়াটা চমত্কার। এটা এমন এক বিশেষ মুহূর্ত যা চির জীবন চোখের সামনে ভাসবে।’ শচীন টেন্ডুলকার এখনো টেস্ট ক্রিকেটে আছেন। কিন্তু পন্টিং ও দ্রাবিড় অবসরের ঘোষণা দিয়েছেন আগেই। ক্যালিস জানিয়েছেন ওয়ানডে ম্যাচ খেলা কিছুটা কমিয়ে দেবেন তিনি। এছাড়া টেস্ট ক্রিকেটে মনোযোগী হবেন এবং পরবর্তী বিশ্বকাপ খেলার ইচ্ছে রয়েছে তার। অবসরের ব্যাপারে তিনি এখনই ভাবছেন না। দলের প্রয়োজনে নিজেকে আত্মনিবেদন করেছেন। যেদিন মনে করবেন আর পারছেন না এবং তরুণ ক্রিকেটারদের সম্ভাবনা রয়েছে তখন অবসর নিয়ে ভাববেন তিনি। খেলোয়াড় ম্যাচ রান দল শচীন টেন্ডুলকার ১৯৪ ১৫,৬৪৫ ভারত রিকি পন্টিং ১৬৮ ১৩,৩৭৮ অস্ট্রেলিয়া রাহুল দ্রাবিড় ১৬৪ ১৩,২৮৮ ভারত জ্যাক ক্যালিস ১৫৯* ১৩,০৪০ দক্ষিণ আফ্রিকা