দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন গত বুধবার কেপটাউনের নিউল্যান্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটির উদ্বোধনী দিনে টেস্ট ক্যারিয়ারের ৩০০তম উইকেট শিকারের কৃতিত্ব দেখান। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডুগ ব্রেওয়েল হন স্টেইনের ৩০০তম শিকার। স্টেইন এছাড়া ড্যানিয়েল ফ্লিনের উইকেটটিও নেন (৩০১ উইকেট)।
বর্তমানে ২৯ বছর বয়সী ডান-হাতি পেসার স্টেইন ক্যারিয়ারের ৬১তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন। সবচেয়ে কম ম্যাচ খেলে তিনশ’ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার ডেনিশ লিলি (৫৬ ম্যাচ)।
টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটের মালিক অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৮০০টি উইকেট তার। তিনি তিনশ’ উইকেটে মাইলফলকে পৌঁছে গিয়েছিলেন ৫৮ ম্যাচে। স্টেইন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট বোলারের র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন।
স্টেইনের সমান ৬১ টেস্ট ম্যাচে তিনশ’ উইকেট শিকার করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শাল ও নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি।
