কলকাতায় জুয়েলের একক অ্যালবাম

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:১৪
অবশেষে জুয়েল মোর্শেদের দীর্ঘদিনের চেষ্টা যেন সফল হতে চলেছে। প্রথম একক ‘একলা প্রথম’ অডিও অ্যালবামটি রিলিজের পর থেকেই কলকাতার কয়েকটি অডিও কোম্পানি থেকে অফার এসেছিল রিলিজের ব্যাপারে। সেই ইচ্ছে থেকেই নিজের গানকে আরও বিস্তৃতভাবে ছড়াতেই কলকাতার বর্তমান সময়ের আলোচিত কণ্ঠশিল্পী সোমলতা আচার্যের সাথে গান করেন। সেই গানটিসহ এবারে কলকাতায় তার ‘একলা প্রথম’ অ্যালবামটি নতুনভাবে রিলিজ হতে যাচ্ছে। কলকাতার ট্রু ইস্টার্ন অডিও কোম্পানির ব্যানারে এই অ্যালবামটিতে জি-সিরিজ থেকে রিলিজকৃত অ্যালবামের সাথে আরও দুটি বোনাস ট্র্যাক থাকবে।’ কলকাতায় অ্যালবামটির রেডিও পার্টনার রেডিও হাই, এ ছাড়া টিভি পার্টনার হিসেবে থাকছে মন টিভি। আগামী ১০ জানুয়ারি একটি বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে অ্যালবামটি রিলিজ হবে বলে শিল্পী জানান। জুয়েল মোর্শেদ আরও জানান, ‘এটা আমার গান নিয়ে দেশের বাইরে পথ চলার প্রথম পদক্ষেপ। নিজের মেধাকে কাজে লাগিয়ে গান নিয়ে আরও অনেক দূরের পথ হাঁটতে চাই।’