সিরিয়ায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২০:১৮
সিরিয়ার গণঅভ্যুত্থান ও গৃহযুদ্ধে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এবং এখন পর্যন্ত এ সংঘর্ষ শেষ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। জাতিসংঘের এ ঘোষণার দিন দামেস্কের উপকণ্ঠে সরকারি সেনারা একটি পেট্রোল স্টেশনে বিমান হামলা চালালে বহু লোক নিহত হয়। গাড়ির জ্বালানি নেয়ার জন্য অপেক্ষমান অনেক গাড়িচালক এ হামলায় অগ্নিদগ্ধ হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। রাজধানীর পূর্বাঞ্চলীয় উপকণ্ঠ মুলেইহায় স্থানীয় সময় দুপুর ১টায় এ হামলা হয়। এর ঘন্টাখানেক পর ঘটনাস্থলে যাওয়া বিদ্রোহী আবু সাঈদ বলেন,“আমি কমপক্ষে ৩০টি মৃতদেহ গুনেছি। তারা হয় পুড়ে গেছে, নয় ছিন্নভিন্ন হয়ে গেছে।” এ হামলায় ৭৫ জনেরও বেশি নিহত হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নাভি পিল্লাই বলেছেন, সিরিয়ায় ১৫ মার্চ, ২০১১ থেকে ৩০ নভেম্বর ২০১২ পর্যন্ত ৫৯ হাজার ৬৪৮ জন নিহত হয়েছে। নিহতরা বিদ্রোহী সেনা নাকি বেসামরিক নাগরিক তা আলাদা করে উল্লেখ করা হয়নি জাতিসংঘের দেয়া তথ্যে।