মিয়ানমারে উত্তরাঞ্চল রাজ্য কোচিনে বিদ্রোহীদের ওপর বিমান হামলার কথা স্বীকার করেছে দেশটির সরকার। বিদ্রোহীরা সামরিক রসদ সরবরাহের পথে বাধা প্রদানের চেষ্টা করায় তাদের ওপর হামলা চালানো হয় বলে বুধবার দেশটির তথ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়।
এ বিমান হামলার ঘটনায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন দেশটির সরকারকে যেকোন ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ হামলা চলতে থাকলে জনগণ এক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মিয়ানমার সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনা করার কথা বলেন।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কোচিন রাজ্যে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গত পাঁচদিন ধরে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী। প্রায় ১৭ বছর পর ২০১১ সালে নতুন করে লড়াই শুরু করে মিয়ানমারের কোচিন বিদ্রোহীরা।
