পাকিস্তানে ৭ সেনা অপহূত
পাকিস্তানে একটি বাস থেকে ৭ সেনা সদস্যকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। বুধবারের ওই ঘটনায় অস্ত্রধারীরা সেনা পোশাক পরিহিত অবস্থায় ওই বাস থেকে ৭ সেনা সদস্যের পাশাপাশি একজন ঝাড়ুদারকেও তাদের সঙ্গে যেতে বাধ্য করেছে। এক সেনা কর্মকর্তা ও অন্যান্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তায় পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ২৩ সদস্যকে অপহরণ করে তালেবান। তাদের মধ্যে চোখ-হাত বাঁধা এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ২১জনের লাশ পাওয়া যায়।—রয়টার্স
সুইজারল্যান্ডে গুলিতে নিহত ৩
সুইজারল্যান্ডের একটি গ্রামে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বুধবার অন্ততপক্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। গুলি শুরু হওয়ার পর অনেক মানুষই রাস্তায় শুয়ে আত্মরক্ষা করে। বিবিসি পুলিশ এই গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।—বিবিসি
বিক্ষোভে মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার রাস্তায় নেমেছে হাজার হাজার নারী। দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও যোগ দেন বিক্ষোভকারীদের সঙ্গে। কঠোর ধর্ষণবিরোধী আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি। মিছিলে অংশ নেয়া নারী বিষয়ক জাতীয় কমিশন এর সদস্য জুহি খান বলেন, নারীদের সম্মান রক্ষার ব্যাপারে জনগণকে সচেতন করতে আমরা এ পদযাত্রায় নেমেছি। গত ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে ২৩ বছরের ওই তরুণীকে গণধর্ষণের ঘটনার পর থেকেই প্রতিদিনই বিক্ষোভ চলছে ভারতে।—এনডিটিভি
যুক্তরাষ্ট্র পালাচ্ছে :তালেবান
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরিকল্পনাকে ভিয়েতনাম ছেড়ে যুক্তরাষ্ট্রের ‘পালানোর’ সঙ্গে তুলনা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে “জয় ঘোষণা ও অত.পর পালানোর কৌশল বলে অভিহিত করেছে তারা। বুধবার এক বিবৃতিতে জঙ্গি গোষ্ঠীটি এসব কথা বলেছে বলে জানিয়েছে দ্য ডন। বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের সেনাদের কাছ থেকে আফগান সেনাদের কাছে হস্তান্তর করার চলমান প্রক্রিয়াটি ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে বাধ্য হওয়ার মতোই ঘটনা।—রয়টার্স
