ভাঙ্গেনি ইডেনের রেকর্ড

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:০০
ভারতীয় সংবাদ মাধ্যমে গত বেশ কিছুদিন ধরেই প্রশ্ন করা হচ্ছে—এমন দুর্দিন ভারতীয় ক্রিকেট সর্বশেষ কবে দেখেছে? আসলেই এখন খোঁজ-খবর নেয়ার সময় এসেছে। ভারতীয় দুর্দিনের আরও একটা রূপ কাল বের করে আনল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ২০০৫ সালের পর প্রথমবারের মত ভারত-পাকিস্তান সিরিজ জয় নিশ্চিত করল সফরকারীরা। দুরন্ত ফর্মে থাকা পাকিস্তান কাল তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ইডেনে ভারতকে হারাল ৮৫ রানের বিশাল ব্যবধানে। নাসির জামসেদ ও মোহাম্মদ হাফিজের অসাধারণ ব্যাটিংয়ের পর জুনায়েদ ও উমর গুল এবং সাঈদ আজমলদের বোলিং আক্ষরিক অর্থেই শেষ করে দিল ভারতকে। পাকিস্তানের ২৫০ রানের জবাব দিতে গিয়ে ধোনির একক সংগ্রামের পরও ৪৮ ওভারে ১৬৫ রানে অলআউট হল ভারত। পাকিস্তানের ইনিংসটায় অবশ্য দারুণভাবে ফিরে এসেছিল ভারত। নাসির ও হাফিজের ব্যাটিংয়ে ২৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৪১ রান তুলে ফেলেছিল পাকিস্তান। হাফিজ ৭৪ বলে ১০টি চারে সাজানো ৭৬ রান করে ফিরে গেলেও চালু ছিল নাসিরের ব্যাট। নাসির ভারতের বিপক্ষে টানা তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১০৬ রান করে আউট হন। ১২৪ বলে ১২টি চার ও ২টি ছয়ে সাজানো ইনিংস খেলে নাসির জামসেদ আউট হয়ে যাওয়ার পরই আকস্মিক এক বিপদে পড়ে যায় পাকিস্তান। ৪১.১ ওভারে দলীয় ২১০ রানে ফেরেন নাসির। পরের ৭.২ ওভারে ৪০ রান তুলতে অলআউট হয়ে যায় পাকিস্তান! অবশ্য পাকিস্তানি বোলাররা কখনোই শেষ সময়ের এই ব্যাটিং বিপর্যয় নিয়ে ভাবনায় পড়তে দেননি। তিন পেসার জুনায়েদ, ইরফান ও উমর গুল শুরু থেকে একেবারে চেপে ধরে রাখেন ভারতীয় ব্যাটসম্যানদের। একদিকে রান রেট ছিল অনেক পেছনে, আরেকদিকে নিয়মিত উইকেট পড়ছিল। এ অবস্থায় রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি একটা চেষ্টা করছিলেন। কিন্তু এই সময়ই নিজের সেরারূপে ফিরলেন বর্তমান বিশ্বের সেরা স্পিনার সাঈদ আজমল। তিনি ২০ রানে নিলেন ৩ উইকেট। ধোনি শেষ উইকেট জুটিতে ইশান্তকে নিয়ে ৩৩ রান যোগ করে ম্যাচটা লম্বাই করেছিলেন শুধু। শেষ পর্যন্ত ধোনি অপরাজিত রইলেন ৫৪ রান করে। সংক্ষিপ্ত স্কোর পাকিস্তান:৪৮.৩ ওভারে অলআউট ২৫০ (নাসির জামসেদ ১০৬, মোহাম্মদ হাফিজ ৭৬, শোয়েব মালিক ২৪, উমর গুল ১৭, ইউনিস ১০; ইশান্ত শর্মা ৩/৩৪, রবীন্দ্র জাদেজা ৩/৪১, রায়না ১/১৩, অশ্বিন ১/৪৯, বিনয় কুমার ১/৬১)। ভারত:৪৮ ওভারে অলআউট ১৬৫ (ধোনি ৫৪, শেবাগ ৩১; আজমল ৩/২০, জুনায়েদ ৩/৩৯, উমর গুল ২/২৪, মালিক ১/৩, হাফিজ ১/২৯)। ফল:পাকিস্তান ৮৫ রানে জয়ী ম্যাচ সেরা : নাসির জামশেদ সিরিজ:পাকিস্তান ২-০ ব্যবধানে জয়ী