আন্তর্জাতিক ম্যাচের পর ঘরোয়া ক্রিকেটেও অপ্রতিরোধ্য সোহাগ গাজী। কিছুদিন আগে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেটের পর এবার বাংলাদেশ লিগেও (বিসিএল) ছয় উইকেট নিলেন পিরোজপুরের এই অফ-স্পিনার। তার অফ-স্পিনে কাল ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের ইনিংস থেমে যায় ২৩২ রানে। দিনশেষে দ্বিতীয় ইনিংসে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল এক উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে; এগিয়ে আছে তারা ১৪৫ রানে।
গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরু থেকেই পূর্বাঞ্চলকে চেপে ধরেন। নাফীস ইকবাল ও মোমিনুল হক ছাড়া বাকি নয়জনের মধ্যে সাতজনই দুই অংকে যেতে পারেননি। ১০ উইকেটের মধ্যে সোহাগের সংগ্রহ ছয়টি। ঘরোয়া ক্রিকেটে এই সাফল্য তাকে সামনের দিকে আরো এগিয়ে নিবে বলে মনে করেন এই অফ-স্পিনার, ‘জাতীয় দলের পর এবার ঘরোয়া ক্রিকেটেও ভালো বোলিং করেছি। আমার কাছে তো ভালো লাগছে। আরো ভালো করার চেষ্টা থাকবে’।
নাফীসের ৮৩ ও মোমিনুলের ৭৮ রান পূর্বাঞ্চলকে দুশো রানের গন্ডি পার করে। বিসিএলের শুরু থেকে প্রতিটি ম্যাচ যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতা খেলোয়াড়দেরও উপকার করবে বলে মনে করেন ছয় উইকেট পাওয়া গাজী, ‘বিসিএলে প্রতিদ্বন্দ্বিতা বেশি। এখানে খেলোয়াড়দের মধ্যে লড়াই করার মনোভাব থাকে। জাতীয় লিগের তুলনায় বিসিএলের সুযোগ সুবিধাও অনেক বেশি’।
ইসলামি ব্যাংকের এমন ধসের মধ্যেও নাফীসের ব্যাট থেকে এসেছে মূল্যবান ৮৩ রান। ১৪৬ মিনিট ব্যাট করে এই স্কোর সংগ্রহ করেছেন। ১৪৫ রানে পিছিয়ে আছেন তারা। তবে এখনো ম্যাচে তাদের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন পূর্বাঞ্চলের সর্বোচ্চ স্কোরার নাফীস, ‘এখনো ম্যাচে যে কেউ জিততে পারে। আমরা লিড নিতে পারলে ভালো হত। তবে সম্ভাবনা হারিয়ে যায়নি’।
দিনের খেলা ৮ ওভার বাকি থাকতে খেলা শেষ হয়েছে ঠিকই তবে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে সুবিধাজনক অবস্থানে রয়েছে দক্ষিণাঞ্চল। মাত্র এক উইকেট খুঁইয়ে ১২৯ রান তুলেছে তারা। সৌম্য ফিফটি থেকে দুই রান পিছিয়ে আছে। আর প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করে বড় ইনিংসের পথে হাঁটছেন এনামুল হক বিজয়। ৬৫ রান নিয়ে আজ তিনি ব্যাট করতে নামবেন।
এর আগে প্রথমদিনের এক উইকেটে ৫০ রান নিয়ে কাল দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ২৪৮/১০ ও ১২৯/১ (সৌম্য ব্যাটিং ৪৮, এনামুল ব্যাটিং ৬৫, তাপষ ১/১৬)।
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল: প্রথম ইনিংস- ২৩২/১০ (নাফীস ৮৩, মোমিনুল ৭৮, কাপালি ১৭, সোহাগ ৬/৬৬, রাজ্জাক ৪/৬৩)।
দক্ষিণাঞ্চল ১৪৫ রানে এগিয়ে।
সুবিধাজনক অবস্থানে বিসিবি উত্তরাঞ্চল
বিসিবি উত্তরাঞ্চল বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) খেলায় গতকাল দ্বিতীয় দিন শেষে ১৯১ রানে পিছিয়ে আছে ওয়াল্টন মধ্যাঞ্চল। প্রথম ইনিংসে বিসিবি দলের ৩৬১ রানের জবাবে ওয়াল্টন চার উইকেটে করেছে ১৭০ রান। ৪৮ রানে অপরাজিত আছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাসার সুমন গতকালও মাঠে বসে খেলা দেখেন।
সংক্ষিপ্ত স্কোর :
বিসিবি নর্থ জোন ১ম ইনিংস : ৩৬১, জুনায়েদ সিদ্দিকী ৭৮, ফরহাদ হোসেন ৭৪, মুশফিকুর রহীম ৭৬* মায়শুকুর ৪৯। ইলিয়াছ ছানী ৮০/৩, শাহাদত হোসেন ৪৩/২, মোশাররফ হোসেন রুবেল ১২২/২।
ওয়াল্টন সেন্ট্রাল জোন: ১ম ইনিংস: ১৭০/৪, আশরাফুল ৪৮*, মেহরাব জুনিয়র ৩৬*, মার্শাল আইয়ুব ৪০, সাজেদুল ৪৫/৩।
