রাতারাতি বদলে গেল বিসিএলের বাইলজ!

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:০১
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে ফাইনালের আগে কাউকে কিছু না জানিয়ে বাইলজ পরিবর্তন করে জাতীয় পর্যায়ে বিতর্কের ঝড় তুলেছিল বিসিবির বিপিএল কমিটি। এবার যেন সেই পথেই হাঁটতে যাচ্ছে নতুন শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) কমিটিও! প্রথম রাউন্ড শেষে তারা হঠাত্ করে বাইলজ পরিবর্তন করে ফেলেছে বলে অভিযোগ তুলেছে টুর্নামেন্টে অংশ নেয়া ফ্রাঞ্চাইজিরাও। টুর্নামেন্টের মাঝপথে এসে বাইলজ পরিবর্তন করে বিসিএল কমিটি নতুন যে বাইলজ তৈরি করেছে, তার জন্য ক্ষতি হবে ওয়ালটন মধ্যাঞ্চলের। টুর্নামেন্টের মাঝপথে নতুন করে বাইলজ পরিবর্তন করায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির কাছে ক্ষোভ জানিয়ে মধ্যাঞ্চলের ফ্রাঞ্চাইজি ওয়ালটন একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ্য করেছে, বাইলজের এই পরিবর্তনটি তারা মানছে না। এ ব্যাপারে ওয়ালটনের অতিরিক্ত পরিচালক উদয় হাকিম বলেন, ‘আগের বাইলজ অনুযায়ী ইনিংস এগিয়ে থাকার কারণে ম্যাচ ড্র হওয়ায় আমরা তিন পয়েন্ট পেয়েছি। একশ ওভারে তিনশ রান করায় বোনাস এক পয়েন্ট এবং প্রতিপক্ষকে অলআউট করায় বোনাস এক পয়েন্টসহ আমাদের পয়েন্ট হওয়ার কথা ৫। কিন্তু আজ দুপুরে বিসিবি আমাদের একটি বাইলজের কপি ধরিয়ে দিয়েছে। সেখানে উল্লেখ আছে, ড্র হলে উভয় দলই তিন পয়েন্ট করে পাবে। আমরা বিসিবিকে চিঠি দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত নিব শনিবার’। এদিকে হঠাত্ করে বাইলজ পরিবর্তন করা প্রসঙ্গে বিসিএল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি। শুধু তিনি বলেন, ‘বাইলজের পরিবর্তন কিংবা যে জায়গায় পরিবর্তন হয়েছে এটি নিয়ে আমরা মিটিংয়ে বসবো। কিভাবে হয়েছে সেটাও দেখা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত আমরা পরে জানাবো’।