আব্দুল রাজ্জাকের ঢাকা সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম পাকিস্তানি খেলোয়াড় হিসেবে রাজ্জাক আজ শুক্রবার সকাল দশটায় ঢাকায় এসে পৌঁছাবেন। শুধু রাজ্জাক নন, বিপিএল খেলতে পাকিস্তানি খেলোয়াড়রা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকায় আসা শুরু করবেন বলে বিভিন্ন ফ্রাঞ্চাইজি সূত্রে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্জাকের ঢাকায় আসার কথা থাকলেও দুবাইতে ফ্লাইট বাতিল হওয়ায় আজ সকালে তিনি ঢাকায় আসছেন। তবে আজ তার ঢাকা সফর শুধু অতিথি হিসেবে। দুরন্ত রাজশাহীর আমন্ত্রণে দুইদিনের সফরে রাজ্জাক আসছেন। বিপিএল খেলতে তিনিও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের ঢাকায় আসবেন বলে জানিয়েছেন দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস বিপিএলের সবগুলো ম্যাচ খেলবেন বলেও জানিয়েছেন দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান। বিপিএলের দ্বিতীয় আসরে তার শুধু দুই ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু কাল মোহন নিশ্চিত করেছেন তিনি সবগুলো ম্যাচ খেলবেন। এ প্রসংগে দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান বলেন, ‘স্যামুয়েলসের সাথে আমার কথা হয়েছে। তিনি সবগুলো ম্যাচ খেলতে রাজি হয়েছেন। আগামী ১০ কিংবা ১২ জানুয়ারি তার ঢাকায় আসার কথা রয়েছে। তবে স্যামুয়েলস ছাড়াও পাকিস্তানের সব খেলোয়াড় এই তারিখের মধ্যে ঢাকায় আসা শুরু করবেন’।
বাংলাদেশ দলের পাকিস্তান সফর স্থগিত হওয়ার মধ্য দিয়ে পিসিবির সাথে বিসিবির টানাপড়েন শুরু হয়। তার জের ধরে বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে চিঠি চালাচালি করায় আপাতত নমনীয় হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপিএল খেলতে পাকিস্তানি ক্রিকেটারদের আটকাবে না বলেও পিসিবি ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনায় বসার জন্য ইতিমধ্যে বিসিবি চিঠিও দিয়েছে। পিসিবি আলোচনায় বসতে সম্মতি দিয়েছে। এই দুই দেশের ক্রিকেট বোর্ড প্রধান জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কোন এক স্থানে আলোচনায় বসতে পারেন বলেও ধারণা করা যাচ্ছে। এমনকি এই আলোচনা লাহোরেও হতে পারে। যদিও এই বিষয়ে বিসিবি কিছুই জানায়নি। তবে আগামী ৯ জানুয়ারি সিঙ্গাপুরে এসিসির সভায় দুই দেশের ক্রিকেট প্রধানের দেখা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি রয়েছে।
উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি থেকে বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধন হবে। পরদিন অর্থাত্ ১৮ জানুয়ারি থেকে শুরু হবে ম্যাচ। ১০ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের টিকিট বিক্রি।
