আগামী নির্বাচনে দলকে বিজয়ী করা নতুন কমিটির চ্যালেঞ্জ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:০৮
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। গত কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য থাকাকালে তিনি সংগঠনকে শক্তিশালী করতে সারাদেশ চষে বেড়িয়েছেন। প্রেসিডিয়াম সদস্য হওয়ার পর তিনি বুধবার রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করে ফুল দিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোহাম্মদ নাসিম। নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য হিসেবে মোহাম্মদ নাসিম ইত্তেফাককে জানান, আওয়ামী লীগের নতুন কমিটির সামনে এখন একটাই চ্যালেঞ্জ আগামী দশম জাতীয় নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দলকে বিজয়ী করা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবারো ক্ষমতায় নিয়ে আসার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের যে কোন পদে থেকে আমি কাজ করতে প্রস্তুত। মোহাম্মদ নাসিম বিরোধী দলের উদ্দেশে বলেন, আওয়ামী লীগ কোন ধরনের গোপন আলোচনায় বিশ্বাস করে না। স্বচ্ছ ও উন্মুক্ত আলোচনায় আওয়ামী লীগ বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট ছাড়া আওয়ামী লীগ অতীতেও যেমন ক্ষমতায় আসেনি, তেমনি ভবিষ্যতেও আসবে না। তত্ত্বাবধায়ক সরকারকে আতঙ্ক, ভীতি, নির্যাতন ও নিপীড়নের সরকার হিসেবে আখ্যায়িত করে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। কোন অনির্বাচিত ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে না। কারণ অতীত অভিজ্ঞতায় এটা স্পষ্ট হয়েছে যে, অনির্বাচিতরা ক্ষমতায় আসলে তারা গণতন্ত্র হত্যার চেষ্টায় থাকে। তিনি বলেন, সংবিধানের বাইরে আওয়ামী লীগ যাবে না। অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে। তবে এক্ষেত্রে তিনি বিরোধী দলকে সংসদে এসে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়ার আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার চার বছরে দেশে সুশাসন নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বিশ্বমন্দা সত্ত্বেও প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে, চার বছরে রপ্তানি আয় ১৪ বিলিয়ন ডলার থেকে ২৪ দশমিক ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩ বিলিয়ন মার্কিন ডলার। চার বছরে বিনিয়োগ এসেছে ৩৮২ কোটি মার্কিন ডলার। মাথাপিছু আয় ৬৩০ ডলার থেকে ৮৫০ ডলারে উন্নীত হয়েছে। বিদ্যুত্ উত্পাদন তিন হাজার ২০০ মেগাওয়াট থেকে বৃদ্ধি করে ৬ হাজার ৩৫০ মেগাওয়াটে উন্নীত করেছি। এ কারণে লোডশেডিং এখন আর নেই বললেই চলে। দেশে আর বোমাবাজি হয় না। সন্ত্রাস ও জঙ্গীবাদ কঠোর হস্তে দমন হয়েছে বলেই এখন আর মানুষকে আতঙ্কে থাকতে হয় না। উল্লেখ্য, ১৯৯৬ সালের আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মোহাম্মদ নাসিম প্রথমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, পরে গণপূর্ত মন্ত্রী এবং ১৯৯৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।