ধূমপানে টেনশন বাড়ে!

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:০৮
ধূমপান নিয়ে একটি যুগান্তকারী গবেষণা করেছেন ব্রিটিশ বিশেষজ্ঞগণ। আর এই গবেষণায় বলা হয়েছে, ধূমপানে টেনশন কমে না বরং টেনশন, উদ্বেগ, মানসিক চাপ বাড়ে। ধূমপানে টেনশন, উদ্বেগ-উত্কণ্ঠা, মানসিক চাপ, মানসিক অবসাদ কমে এমন একটা ভ্রান্তধারণা চলে আসছে হাজার বছর ধরে। যদিও বিজ্ঞানসম্মত কোন যুক্তি নেই এই ধারণার। শুধু সাধারণ ধূমপায়ীগণ নন, অনেক চিকিত্সকেরও ধূমপানের সপক্ষে এমন ধারণা কম নয়। তবে বৃটিশ বিশেষজ্ঞগণ ধূমপান উদ্বেগ কমায় কিনা এমন একটি গবেষণা করতে গিয়ে দেখেছেন ধূমপান উদ্বেগ, উত্কণ্ঠা, মানসিক চাপতো কমায়ই না বরং ধূমপানে উদ্বেগ আরও বাড়ে। বৃটিশ জার্নাল অব সাইকিয়াট্রিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। লন্ডনের একটি ধূমপান নিবারণ ক্লিনিকে পরিচালিত গবেষণা রিপোর্টের ফলাফলে এ তথ্য পাওয়া যায়। বিখ্যাত কিংস কলেজ লন্ডনের গবেষক ড. মার্টিন ম্যাকডারমট গবেষণায় দেখেছেন, যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের উদ্বেগ, উত্কণ্ঠা হ্রাস পেয়েছে শতকরা ১৯ ভাগ এবং যারা ধূমপান করেন তাদের উদ্বেগ মধ্যম মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তিনি আরও মনে করেন, এতদিন স্ট্রেচ রিলিভার বা মানসিক চাপ কমানোর জন্য ধূমপানের পক্ষে যারা যুক্তি দেখাতেন তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। বরং যারা ধূমপান ছাড়তে পারেননি তাদের মানসিক চাপ, উদ্বেগ বাড়ে। যারা ধূমপান ছাড়তে পারেননি অথবা মানসিক চাপ কমানোর জন্য ধূমপান করছেন তাদের মানসিক চাপ আরও বেড়ে গেছে। গবেষকগণ বৃটিশ হার্ট ফাউন্ডেশন, ক্যান্সার রিসার্স ইউকে, ইকোনোমিক এন্ড সোস্যাল রিসার্স কাউন্সিল, মেডিক্যাল রিসার্স কাউন্সিল এবং ইউকে ডিপার্টমেন্ট অব হেলথ এই গবেষণায় সহায়তা করে। এদিকে ধারণা করা হচ্ছে, এই গবেষণার পর যারা মানসিক চাপ, অবসাদ, উদ্বেগ কমাতে বছরের পর বছর ধরে ধূমপান করে আসছেন তারা ধূমপান থেকে বিরত থাকবেন এবং নতুন ধূমপায়ীরাও নিরুত্সাহিত হবেন।