শিরীন আখতারের ‘নারী রাজনীতি ও রাষ্ট্র’ বইয়ের প্রকাশনা উত্সব

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:০৮
‘নারী রাজনীতি ও রাষ্ট্র’ এই তিনটি বিষয়কে সম্পৃক্ত করে বই লিখেছেন রাজনৈতিক নেতা শিরীন আখতার। সচেতন পাঠকমাত্রই প্রবন্ধগুলোর মধ্যে একটা যোগসূত্র খুঁজে পাবেন। লেখকের প্রতিটি লেখাই একেকটি রাষ্ট্রীয় ও সামাজিক বঞ্চনার ছবি; বঞ্চিতদের মুক্তির লক্ষ্যে এক মানবিক আহবান। খেটে খাওয়া মানুষের অধিকার, নারীর মানবাধিকার, সাম্প্রদায়িকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোসহ রাষ্ট্র ও রাজনীতির অনেক কথাই উঠে এসেছে বইটিতে। গতকাল বৃহস্পতিবার বিকালে শাহবাগ গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার হলে অ্যাডর্ন পাবলিকেশন আয়োজিত ‘প্রকাশনা অনুষ্ঠানে’ বক্তারা বই ও বইয়ের লেখককে নিয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী আয়শা খানম, তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, কবি নাজমুল হক প্রধান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক ও প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসেন। হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের শ্রমিক ও নারী অধিকারসহ মানবাধিকার আন্দোলনে এক নিবেদিত কর্মী শিরীন আখতার। রাষ্ট্র রাজনীতির বেশকিছু চলমান বিষয় রয়েছে এই গ্রন্থে। রাষ্ট্র রাজনীতির সঙ্গে নারীকে যুক্ত করেছেন এবং শ্রমজীবী নারী ও নারীর শ্রম সস্তা নয় এই বিষয়গুলোও সম্পৃক্ত করেছেন বইটিতে। ড. কাজী খলীকুজ্জমান বলেন, লেখক বইটিতে মানুষের মুক্তির কথা বলতে চেয়েছেন। সকল ধরনের বঞ্চনা থেকে নারীকে মুক্ত করার কথাই তিনি বলতে চেয়েছেন। শিরীন আখতার বলেন, কোন আয়োজন করে এই লেখা নয়। যা আমি করতে চাই, যা বলতে চাই, তাই লেখা হয়েছে বইটিতে।