জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পার জন্মদিন আজ। অন্যান্য দেশের মতো এ দেশের তারকারা তাদের জন্মদিনটি জাঁকজমকভাবে পালন না করলেও বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে ঠিকই ঘরো আয়োজনে মেতে উঠেন তারা। চম্পার বেলায়ও এর কোনো ব্যতিক্রম হয়নি। তবে এবার আর আগের মতো করে ছোট আকারেও নিজের জন্মদিনটি পালনের সুযোগটি পাচ্ছেন না চম্পা। কারণ আজ দিনব্যাপী তার শুটিং। তবে গতকাল ঠিক রাত ১২টা ১ মিনিটে ৫ জানুয়ারির প্রথম মুহূর্তে জন্মদিনের কেক কাটেন চম্পা। আর এর উদ্যোগ নিয়েছেন তারই একমাত্র মেয়ে এশা ও তার স্বামী তমাল। চম্পা বলেন, ‘এই বয়সে এসেও জন্মদিন এলে কেমন যেন ভিন্ন অনুভূতি হয়। এক অন্যরকম ভালো লাগে। কাছের মানুষজনসহ অনেকেই শুভেচ্ছা পাঠায়। এগুলো বেশ উপভোগ করি। এবারের জন্মদিনে তেমন আয়োজন না থাকলেও শুভেচ্ছাগুলো আর মিস হচ্ছে না।’
