এ দেশের চলচ্চিত্র শিল্পের এক সময়কার জনপ্রিয় চিত্রনায়ক এখন থেকে প্রায় নিয়মিতই খল নায়কের চরিত্রে অভিনয় করবেন। ঠিক এমনটাই জানিয়েছেন চিত্রনায়ক অমিত হাসান। ‘ভালোবাসার রং’ ছবির মধ্য দিয়ে খল নায়ক চরিত্রের মধ্যে প্রবেশ করেন অমিত হাসান। তার পর থেকে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন মাঝে মধ্যে খল নায়কের চরিত্রে থাকার। অমিত হাসানের কথায়, ‘আমার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভালোবাসার রং’-এ আমার চরিত্রটি দর্শকরা গ্রহণ করেছে। অনেকে প্রশংসাও করেছে। আর খল নায়কের চরিত্রটি একজন অভিনেতার জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটিই নিতে চাচ্ছি। অভিনয়ে নিজেকে প্রমাণের আরও একটি চেষ্টাও বলা যায়। আর একজন অভিনেতা সব চরিত্রে অভিনয় করবে এটাই স্বাভাবিক।’ উল্লেখ্য, এখন তিনি ‘অন্য রকম ভালোবাসা’, ‘ছোট্ট ভালোবাসা’ ও ‘পদ্ম পাতার জল’ ছবিতে কাজ করছেন। যার সবকটিতেই তিনি একজন খল নায়ক।
