চ্যানেল আই প্রাঙ্গণে আজ ‘প্রকৃতি মেলা’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৫৬
বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশের নানা উপাদান এবং এর গুরুত্ব সম্পর্কে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে আজ চ্যানেল আই চত্বরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রকৃতি মেলা-২০১৩’। দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় এবারও এই মেলায় প্রকৃতি ও প্রকৃতি সংরক্ষণ নিয়ে থাকছে নানা আয়োজন। এ উপলক্ষে গত ৩ জানুয়ারি চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, গ্রামীণ ফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেশন তাহমীদ আজিজুল হক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উপদেষ্টা ও মিডিয়া ব্যক্তিত্ব আলী ইমাম। আজকের প্রকৃতি মেলায় গম্ভীরা, জারি সারি, কবিগান, ভাওয়াইয়া, আবৃত্তি, চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রদর্শনী, সাক্ষাত্কার, নৃত্য পরিবেশনা ছাড়াও থাকবে অনেক বৈচিত্রময় আয়োজন। আজ মেলার দিন সকাল ১১টা ০৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠানটি চ্যানেল আই প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।