চোখের ঘা থেকে সাবধান

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:০৮
আমাদের চোখের সামনের অংশে যে গোলাকার কাল অংশ দেখা যায়, তাকে কাল রাজা বা কর্ণিয়া বলা হয়। কোন কারণে কর্ণিয়ার প্রদাহ এবং পরবর্তীতে ঘা তৈরী হওয়াকে কর্ণিয়াল আলসার বা কাল রাজার প্রদাহ বলা হয়। কেন এই রোগ হয় চোখের আঘাতজনিত কারণে এই রোগ সবচেয়ে বেশী হয়। আমাদের দেশে ধান কাটার মৌসুমে ধানের পাতার আঘাতের কারণে এই রোগের আক্রমণ বেশী দেখা যায়। অপুষ্টিজনিত কারণে বিশেষ করে ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের মধ্যে এ রোগ বেশী দেখা যায়। যাদের চোখের পাপড়ির গোড়ায় সব সময় অপরিস্কার রাখার জন্য প্রদাহ বা ব্লেফারাইটিস হয়, তাদের চোখে কর্ণিয়ার প্রদাহ হতে পারে। নেত্রনালী বন্ধ জনিত চোখের পানি পড়া রোগের কারণেও কাল রাজার প্রদাহ হতে পারে। এ রোগের লক্ষণ আলোতে চোখ খুলতে না পারা। চোখে প্রচন্ড ব্যথা হওয়া। চোখ লাল হয়ে যাওয়া। চোখ হতে পানি পড়া। চোখের কাল মনিতে সাদা দাগ বা ঘা দেখা যাওয়া ইত্যাদি এই রোগের লক্ষণ। প্রতিরোধে করণীয় চোখে কিছু পড়তে পারে বা চোখে আঘাত লাগতে পারে এমন পেশায় যারা নিয়োজিত আছেন, তারা কাজ করার সময় গগল্স বা চশমা ব্যবহার করতে পারেন। চোখে কোন কিছু পড়লে, বেশী ঘষাঘষি না করে পরিস্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলা প্রয়োজন। সর্বদা নিয়মমত চোখ পরিস্কার রাখা বাঞ্ছনীয়। নেত্রনালীর সমস্যার কারণে পানি পড়া রোগের চিকিত্সা করিয়ে নেয়া প্রয়োজন। কোন ধরনের রাসায়নিক পদার্থ যেমন শামুকের পানি, চুনের পানি ইত্যাদি ব্যবহার হতে দূরে থাকতে হবে। এগুলো ব্যবহারের কারণে রোগ জটিলরূপ ধারন করে। ডাক্তারের পরামর্শে কর্ণিয়াতে ঘা হওয়ার আগে ওষুধ ব্যবহার প্রয়োজন। চিকিত্সা আমাদের দেশের গ্রামে-গঞ্জে কিছু কিছু হাতুড়ে চিকিত্সক চোখে বিভিন্ন রকম ক্ষতিকারক পদার্থ যেমন শামুকের পানি, চুনের পানি ইত্যাদি দিয়ে এই রোগের চিকিত্সা শুরু করেন। যার ফলে সম্পূর্ণ চোখে এই ঘা ছড়িয়ে পড়ে রোগ জটিলরূপ ধারণ করে। সুতরাং উপরোল্লিখিত উপসর্গ দেখা মাত্র নিকটবর্তী চক্ষু চিকিত্সকের পরামর্শ প্রয়োজন। বিভিন্ন উন্নত চক্ষু চিকিত্সা কেন্দ্রে ঘা থেকে পূঁজ নিয়ে পরীক্ষার মাধ্যমে সেই পূঁজে যে জীবানু পাওয়া যায় সেই জীবানুর বিরুদ্ধে কার্যকর ওষুধের মাধ্যমে ঘা-এর চিকিত্সা করা হয়। মনে রাখতে হবে, স্টেরয়েড জাতীয় চোখের ড্রপ ব্যবহারের ফলে কর্ণিয়ার ঘা জটিলরূপ নিতে পারে। সুতরাং ডাক্তারের পরামর্শ ছাড়া এ জাতীয় ওষুধ ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ মোতাবেক সময় মত ওষুধ ব্যবহারে এই রোগ সম্পূর্ণ নির্মূল সম্ভব। তবে তড়িত্ চিকিত্সা শুরু না হলে ঘা এর গভীরতা বেড়ে যাওয়ার কারণে চিকিত্সার পরেও কর্ণিয়া বা কালো রাজাতে দাগ পড়ে যাওয়ার ফলে স্থায়ী দৃষ্টি স্বল্পতা হতে পারে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, পাহাড়তলী, চট্টগ্রাম