বাংলা একাডেমী প্রাঙ্গণের বাইরে এবার কোন স্টল থাকবে না

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১৪
এবারের মহান একুশের গ্রন্থমেলা আয়োজিত হবে বাংলা একাডেমির ভেতরের মূল মেলাঙ্গনে এবং একাডেমি প্রাঙ্গণের বাইরে কোন স্টল থাকবে না। মোট স্টলের সংখ্যা হবে ২৪০টি। শান্তিপূর্ণভাবে মেলা অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। মাসব্যাপী মেলা শুরু হবে যথারীতি ১ ফেব্রুয়ারি।এবারের মেলা উত্সর্গ করা হচ্ছে সমপ্রতি প্রয়াত বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী হুমায়ুন আহমেদের স্মৃতির প্রতি। একাডেমির বাইরে দোয়েল চত্বর থেকে টিএসসি মোড় পর্যন্ত সড়কের এলাকা মেলার অংশ থাকবে। তবে এবার সেখানে কোন ষ্টল থাকবে না। এবারের মেলায় এনজিও, সাংস্কৃতিক সংগঠন ও ছোট আকারের প্রকাশকদের স্টল দেয়া হচ্ছে না। বাইরের সড়কটিতে দর্শনার্থীদের ঘুরে বেড়ানোর ব্যবস্থা থাকবে। দীর্ঘদিন ধরে সৃষ্টিশীল প্রকাশকরা মেলাকে শুধুমাত্র পুস্তক প্রকাশকদের মেলায় পরিণত করার যে দাবি জানিয়ে আসছিলেন-এবার তা বাস্তবায়িত হতে যাচ্ছে। বৃহস্পতিবার বাংলা একাডেমিতে মেলা বিষয়ক এক গোল টেবিল বৈঠকে একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান সভাপতিত্ব করেন। এবারের মেলা আয়োজনের ব্যাপারে বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে কবি, লেখক, প্রকাশক, শিক্ষাবিদ, সাংবাদিক, সংস্কৃতি ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন ভাষা সৈনিক আহমদ রফিক, কবি বেলাল চৌধুরী, কবি রফিক আজাদ, কথাশিল্পী সেলিনা হোসেন, প্রকাশক মহিউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, কবি হালিম আজাদ, কবি ড. মুহম্মদ সামাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, প্রকাশক ওসমান গণি, প্রকাশক মাজহারুল ইসলাম, ছড়াকার লুত্ফর রহমান রিটন, বাংলা একাডেমির পরিচালক শাহিদা বেগম প্রমুখ।