ফরমালিনমুক্ত হলো কাপ্তানবাজার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১৫
কোন খাদ্যপণ্য ফরমালিনমুক্ত কি না তা নিয়ে সন্দেহ হলেই ভোক্তাদের তা পরীক্ষার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, এজন্য সংশ্লিষ্ট বাজার কমিটির নিকট অভিযোগ করলে কমিটি মেশিনে তা পরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করবে। বাজারগুলোতে এজন্যই ফরমালিন পরীক্ষার মেশিন সরবরাহ করা হচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর কাপ্তানবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় বাজার কর্তৃপক্ষের কাছে ফরমাল ডি হাইড্রেড মেশিন হস্তান্তর করা হয়। এফবিসিসিআই-এর উদ্যোগে এবং ইসলামিক ব্যাংক বাংলাদেশ লি.-এর আর্থিক সহায়তায় এ মেশিন দেয়া হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহার রোধে ভোক্তা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সন্দেহ হলেই খাদ্যপণ্য পরীক্ষা করতে হবে। খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মন্ত্রী বলেন, ইতিমধ্যে বেশকিছু কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ বাজারগুলোতে ভোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এফবিসিসিআই-এর প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, এফবিসিসিআই-এর সভাপতি আলহাজ্ব কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইসকান্দার আলী খান।