সুনামগঞ্জের সীমান্ত হাট জমে উঠেছে

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:২৬
দেশের দ্বিতীয় সুনামগঞ্জের ডলুরা সীমান্ত হাট উদ্বোধনের আট মাসের মাথায় জমজমাট হয়ে উঠেছে। সপ্তাহে প্রতি মঙ্গলবার বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী এলাকার অনুন্নত মানুষগণ এই হাটে পণ্য বেচাকেনা করেন। গত বছরের ১মে বাংলাদেশের ২য় সীমান্ত হাট সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা ও ভারতের মেঘালয়ের রাজ্যের শিলং সাব ডিভিশনের বালাট এলাকার জিরো পয়েন্টে উদ্বোধন হয়। দুই দেশের ৫০টি দোকানে সীমান্তবর্তী ৫ কিলোমিটার ভেতরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এখানে বেচাকেনা করেন। উদ্বোধনের আট মাসের মাথায় এসে জমজমাট হয়ে উঠেছে সীমান্ত হাট। এই হাটে দুই দেশের সীমান্ত এলাকার লোকজন কৃষি, খাদ্য, হস্তশিল্পপণ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাবেচা করে থাকেন। হাটের বাংলাদেশের ২৫টি আর ভারতের ২৫টি দোকানে সীমান্ত এলাকার উত্পাদিত পণ্যই বেশি বেচাকেনা হচ্ছে। স্থানীয় কামাল হোসেন জানান, অনেক কৃষি পণ্য আমরা এই হাট থেকে কম দামে কিনতে পারি। হাট বসানোয় আমরা যারা সীমান্ত এলাকায় বসবাস করি তাদের জন্য উপকার হয়েছে। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সজিব রঞ্জন দাস বলেন, এই হাটের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নতি হচ্ছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী জানান, দুই দেশের সীমান্ত এলাকার অনুন্নত মানুষের কল্যাণে বর্ডার হাট স্থাপন হয়েছে। হাট বসানোর কারণে তারা যেমন উপকৃত হচ্ছেন, পাশাপাশি এই হাট বাংলাদেশ-ভারতের সম্পর্ক উন্নয়নের বহিপ্রকাশ।