এই সিডনি ক্রিকেট গ্রাউন্ডকে কেন্দ্র করেই বেড়ে উঠেছেন তিনি। এই সিডনিতেই স্ত্রী জেন ম্যাকগ্রাকে নিয়ে অনেক অনেক স্মৃতি। এই সিডনিতেই অসামান্য এক টেস্ট খেলে অবসরে গিয়েছিলেন। সেই সিডনিতেই কাল শুক্রবার আইসিসির হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হল অস্ট্রেলিয়া কিংবদন্তী বোলার গ্লেন ম্যাকগ্রাকে।
হল অব ফেমের ৬৮তম ক্রিকেটার হিসেবে তাকে অন্তর্ভুক্তির স্মারক ম্যাকগ্রার হাতে তুলে দিলেন আইসিসির সভাপতি অ্যালান আইসাক। অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে এই সম্মাননা দেয়া হল ম্যাকগ্রাকে। সম্মাননা হিসেবে বিশেষ কাঁচের বাক্সে ঐতিহ্যবাহী এক টুপি তুলে দেয়া হয়েছে তার হাতে।
ম্যাকগ্রা ১৯৯৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ১২৪ টেস্ট ম্যাচ খেলে ৫৬৩ উইকেট নিয়েছেন ২১.৬৪ গড়ে রান দিয়ে। ডান-হাতি এই পেসার ২৫০টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৮১ উইকেট দখল করেন ২২.০২ গড়ে।
অস্ট্রেলিয়া ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয় করে। তিনটি বিশ্বকাপের দলেই ছিলেন ম্যাকগ্রা। ক্যারিয়ারের পড়ন বেলায়, নিজের শেষ টুর্নামেন্ট, ২০০৭ বিশ্বকাপেও সেরা খেলোয়াড় হয়েছিলেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ৭১টি উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং নামিবিয়ার বিপক্ষে (৭/১৫)।
এই সম্মাননা হাতে নিয়ে ম্যাকগ্রা বললেন, ‘যখন ক্যারিয়ার শুরু করি, এমন একটা দিন স্বপ্নেও কল্পনা করিনি। আমার জীবন ধন্য হয়েছিল বাগি গ্রীন ক্যাপ মাথায় তুলে। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে এই সম্মাননা পেয়ে। স্যার ডন ব্র্যাডম্যান, মাইকেল হোল্ডিং, ডেনিস লিলিদের মতো আমার চিরকালের হিরোরা যে তালিকায় আছেন; সেখানে আমার নাম থাকায়, আমি যারপরনাই উচ্ছ্বসিত।’
