বিশ্বের এক নাম্বার বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ইনজুরির কারণে ব্রিসবেন ইন্টারন্যাশনালের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ানোয় এখন তার অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিতেও তা অপ্রত্যাশিত আঘাত হিসাবে দেখা দিলো। অথচ গতকাল শুক্রবার ব্রিসবেনের টুর্নামেন্টটিতে তার শেষ চারে মুখোমুখি হওয়ার কথা ছিল সেরেনা উইলিয়ামসের।
বেলারুশিয়ান মেয়েটিকে এখন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের জন্য ফিট হয়ে উঠতে সময়ের সাথে যুদ্ধে নামতে হবে। ১৪ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। ডান পায়ের বুড়ো আঙ্গুলে সংক্রমণের কারণে সৃষ্ট ইনজুরির কারণেই তাকে শেষ মুহূর্তে সেমিফাইনালের লড়াই থেকে নাম প্রত্যাহার করে নিতে হয়। খেলা শুরুর ৩০ মিনিট আগে তিনি এ ব্যাপারে ঘোষণা দেন।
অ্যাজারেঙ্কা আশা করছেন মেলবোর্নের গ্র্যান্ড স্ল্যামটি শুরুর আগে তিনি ফিট হয়ে উঠে শিরোপা রক্ষায় নামতে পারবেন। এ ব্যাপারে খেলোয়াড়টি বলেন, ‘আমি এটা নিয়ে দুশ্চিন্তা করছি না।’এদিকে আমেরিকান উইলিয়ামস আজ শনিবার রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেংকোভা নয়তো উক্রাইনের লেসিয়া টসুরেনকোর সাথে ব্রিসবেনে ফাইনালে মুখোমুখি হবেন।
মারে সেমিতে
উইম্বলডন, লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেনের শিরোপা জয়ী বৃটেনের অ্যান্ডি মারে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের বিরুদ্ধে ৬-৪, ৭-৬ (৩) গেমে জিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালের সেমিফাইনালে উঠেছেন।
মারে যে ২০১২ সালটি দুর্দান্তভাবে কাটান তার শুরু হয়েছিল ব্রিসবেনেই। গত জানুয়ারিতে এ টুর্নামেন্ট থেকেই তিনি এককালের সাড়া জাগানো খেলোয়াড় ইভান লেন্ডলকে কোচ হিসাবে পান।
