ফেনীতে পেশাদার ফুটবল লিগের খেলা আর নাও হতে পারে। কারণ এই ভেন্যুতে খেলা পরিচালনা করতে গিয়ে নাজেহাল হচ্ছেন রেফারি, সহকারী রেফারি এবং ম্যাচ কমিশনার। তাই ফেনীর ভেন্যুটি নিয়ে বিকল্প চিন্তাভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ জন্য ক্লাবটির কাছে কেন ভেন্যু বাতিল করা হবে না জানতে চেয়ে ৮ জানুয়ারির মধ্যে জবাব চেয়েছে বাফুফে।
সামপ্রতিক সময়ে ফেনীর ফুটবল দর্শকরা মাঠে ঢুকে ম্যাচ অফিসিয়ালদের গালিগালাজ করাসহ ঢাকা থেকে যাওয়া অতিথি দলগুলোর প্রতি মারমুখি আচরণ করে। দলগুলো ফেনীতে গিয়ে নিরাপত্তা পাচ্ছে না বলে অভিযোগ তুলেছে। ব্রাদার্স ইউনিয়ন এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাথে খেলার পর সকার ক্লাবের কর্মকর্তারা জোর করে মাঠে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে। এধরনের ঘটনা অনেক দিন ধরেই ঘটছিল বলে বাফুফের কাছে অনেক অভিযোগ জমা হয়েছে। শেষ পর্যন্ত বাফুফে বাধ্য হয়েছে ব্যবস্থা নিতে।
মুক্তিযোদ্ধা ও ব্রাদার্সের বিরুদ্ধে হওয়া সকার ক্লাবের শেষ দুটি ম্যাচে এ ধরনের ঘটনা ঘটে। বাফুফের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি এ জন্য অর্থ জরিমানা সহ শোকজ করেছে সকার ক্লাবকে।
গত ২৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ম্যাচ শেষে সকার ক্লাবের ইকুইপমেন্ট ম্যানেজার মহিউদ্দিন লিটন রেফারিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে শারীরিকভাবে আঘাত করেন। একই ঘটনায় দলের গোলকিপার আল আমিনও গালিগালাজ করেন বলে বাফুফের কাছে অভিযোগ আসে। এজন্য ফুটবলার লিটনকে বহিষ্কার এবং ক্লাবকে ২৫ হাজার টাকা এবং গোলকিপার আলা আমিনকে দুই ম্যাচ সাসপেন্ডসহ ক্লাবকে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ফেনীর ক্লাবটি এখনও জবাব দেয়নি। সকার ক্লাবের সভাপতি ও বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়াল বাফুফের চিঠি প্রসঙ্গে জানতে চান ব্রাদার্স, মুক্তিযোদ্ধা লিখিত কোনো দাবি জানিয়েছে কিনা। ক্লাবটির সভাপতি গতকাল শুক্রবার জানিয়েছেন, তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। কিন্তু তার আগে খতিয়ে দেখবেন ডিসিপ্লিন কমিটির শাস্তি কতটা যৌক্তিক।
তার মতে, ‘এক তরফা কোনো কিছুই মেনে নেয়া যাবে না।’ যদি ব্রাদার্স এবং মুক্তিযোদ্ধা আঘাত পেয়ে থাকে তাহলে আমি নিজে গিয়ে দুই ক্লাবের কাছে ক্ষমা চাইব।’ তিনি আরো বলেন, ‘অনেক কিছুই তো ঘটে আমরা তো সব কিছু প্রকাশ করি না। ফেনীতে শেষ টানা তিনটি ম্যাচের জন্য একই রেফারি পাঠানো হয়েছিল। কিন্তু কেন এটা করা হয়েছিল।’
এ প্রসঙ্গে তিনি নিজ দলকে সাবধান করে দিয়ে বলেছেন, অনাকাঙ্ক্ষিত কোনো অভিযোগ যেন না উঠে। তিনি নিয়মের মধ্যে থাকার অনুরোধ করছেন সমর্থকদেরও।
