এসি মিলানের ব্রাজিলিয়ান আন্তর্জাতিক স্ট্রাইকার আলেকজান্দ্রে পাতো বৃহস্পতিবার বিশ্ব ক্লাব কাপ ফুটবল চ্যাম্পিয়ন করিন্থিয়ান্সের সঙ্গে চার বছরের চুক্তি করতে সম্মত হয়েছেন। ব্রাজিলিয়ান ক্লাবটি তাদের নিজস্ব ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে।
ক্লাবের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আগামী দিনগুলোতে পাতো সাত নম্বর জার্সি পরবেন এবং তার ডাক্তারি পরীক্ষা শেষ হওয়ার পর চার বছরের একটি চুক্তি সম্পাদন করবেন।’ ইন্টারন্যাশিওনাল থেকে ২০০৭ সালে মিলানে যোগ দেয়া ২৩ বছর বয়সী পাতো ইটালির শীর্ষ দলটির হয়ে এ পর্যন্ত ১১৭টি ম্যাচ খেলেছেন।—বাসস/এএফপি
আরো দুই সপ্তাহের জন্য দলের বাইরে রুনি
হাঁটুর ইনজুরির কারণে আরো দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে কাটাতে হবে ওয়েইন রুনিকে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এলেক্স ফার্গুসন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। সোয়ানসির বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচ থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন রুনি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ সময় ধারণা করা হয়েছিল রাত ফুরোলেই সুস্থ হয়ে যাবেন এ ইংলিশ তারকা। কিন্তু এখনো পর্যন্ত অনুশীলনেই ফিরতে পারেননি রুনি। এমনকি আসন্ন ওয়েস্টহ্যাম সফর ও নিজেদের মাঠে লিভারপুলকে আতিথেয়তার ম্যাচেও থাকতে পারবেন না তিনি।
গোটা মৌসুম জুড়েই রক্ষণভাগের দুর্বলতায় হিমশিম খেয়েছেন ফার্গুসন। তবে রুনিকে নিয়ে তিনি পরিস্থিতির সামাল দিয়েছেন। এখন গুরুত্বপূর্ণ সময়ে তাকে না পেয়ে বেশ হতাশই ওই কোচ। তিনি বলেন, ‘এখনো ইনজুরিতে রয়েছেন রুনি। প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে তার সেরে উঠতে। এটি দেখে আমরা কিছুটা বিস্মিত। ভেবেছিলাম অনুশীলনে তিনি ফিরে আসবেন। কিন্তু আসেননি। তাকে যদি আরো দুই সপ্তাহের জন্য হারাতে না হতো তাহলে এটি তেমন কোন গুরুতর বিষয় হতো না। আমি ভাবতেই পারছি না যে, তাকে এই ম্যাচগুলোতে খেলাতে পারবো না। তার ইনজুরি দেখে মনে হয়নি সেটি খুব বেশি গুরুতর। স্ক্যানও করানো হয়েছে। সেখানেও তেমন কিছু নজরে আসেনি। অথচ তার ব্যথা যাচ্ছে না।’ ‘দুই সপ্তাহ খুব বেশি সময় নয়; কিন্তু এটি আমাদের জন্য ক্ষতি হচ্ছে। কারণ দলটি এখন দারুণ ফর্মে রয়েছে। সামনের বড় ম্যাচগুলোর জন্য আপনি অবশ্যই সেরা খেলোয়াড়দেরকেই চাইবেন।’ —বাসস/এএফপি
