আজকের ম্যাচ
বোল্টন ওয়ান্ডার্স - স্যান্ডারল্যান্ড
ফুলহ্যাম - ব্ল্যাকপুল
ম্যানচেস্টার সিটি - ওয়াটফোর্ড
ওয়েস্টহ্যাম ইউনাইটেড - ম্যানচেস্টার ইউনাইটেড
কুইন্স পার্ক রেঞ্জার্স - ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন
সাউদাম্পটন ইউনাইটেড - চেলসি
টটেনহ্যাম হটস্পার - কভেন্ট্রি সিটি
স্পোর্টস ডেস্ক
এফএ কাপের তৃতীয় রাউন্ডের লড়াই শুরু হচ্ছে আজ। মাঠে নামছে ইংল্যান্ডের বড় দলগুলো। সহজ প্রতিপক্ষের বিপক্ষে আজ মাঠে লড়তে দেখা যাবে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহ্যাম হটস্পারের মতো দলগুলো।
আপটন পার্ক স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে খেলবে লিগ শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটিতে মূল দলের অনেককেই বিশ্রাম দিচ্ছেন দলের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। খেলবেন না ডাচ তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সি, ফরাসী মিডফিল্ডার প্যাট্রিক এভরা, মাইকেল ক্যারিকের মতো খেলোয়াড়রা। দলের মধ্যভাগ সামলাবেন শিঞ্জি কাগাওয়া ও টম ক্লেভারলি। ইনজুরি থেকে ফিরে আজ মাঠে নামতে পারেন নেমাঞ্জা ভিদিচ ও ক্রিস স্মলিং।
ওয়েস্টহ্যাম দলে আজও সাইড লাইনে বসে থাকবেন লিভারপুল থেকে আসা ফরোয়ার্ড অ্যান্ডি ক্যারোল। এর ফলে দলের আক্রমণভাগের দায়িত্বে থাকবেন কার্লটন কোল। মধ্যমাঠে দেখা যাবে মোহামেদ দিয়ামে ও ম্যাথিউ টেইলরদের।
শেষ ২০০৩ সালের জানুয়ারি মাসে শেষবারের মতো এফএ কাপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ম্যানইউ ও ওয়েস্টহ্যাম। ম্যাচটিতে ওয়েস্টহ্যামকে ৬-১ গোলে বিধ্বস্ত করে ম্যানইউ। তাই আজকের ম্যাচেও সহজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে রেড ডেভিলরা।
দিনের অপর খেলায় গতবারের চ্যাম্পিয়ন চেলসি মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল সাউদাম্পটন ইউনাইটেডের। গতবারের ফাইনালে কোচ রবার্তো ডি ম্যাত্তিওর অধীনে ব্লুজরা লিভারপুলকে ২-১ গোলে পরাজিত করে। ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না চেলসির। নতুন কোচ রাফায়েল বেনিতেজের অধীনে লিগে টানা চার ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ১-০ গোলে হারে তারা। তাই লিগে পয়েন্ট তালিকায়ও তাদের অবনমন ঘটেছে। তাই এফএ কাপ জিতে তারা হতাশাকে মাটি চাপা দিতে চায়।
দিনে অনুষ্ঠিত হবে আরও কিছু বড় দল। নিজেদের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি খেলবে ওয়াটফোর্ডের বিপক্ষে। টটেনহ্যাম হটস্পার খেলবে কভেন্ট্রি সিটির বিপক্ষে।
