গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার কাছে মোহামেডানের শোচনীয় হার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫২
মোহামেডানের জন্য গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামটি দুঃসহ স্মৃতিই হয়ে থাকল। কারণ গতকাল শনিবার এই মাঠে পেশাদার ফুটবল লিগে মুক্তিযোদ্ধা সংসদ নাস্তানাবুদ করেছে মোহামেডানকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে নিজেদের ‘হোম গ্রাউন্ডে’ মুক্তিযোদ্ধা ৪-১ গোলে মোহামেডানকে হারিয়ে স্থানীয় ফুটবল দর্শকদের আনন্দে ভাসায়। মুক্তিযোদ্ধা এ নিয়ে সাত খেলায় ১৩ পয়েন্ট পেল। অপরদিকে সমান সংখ্যক ম্যাচে মোহামেডানের অর্জন ১০ পয়েন্ট। আগের ম্যাচে আবাহনীর কাছে হারের পর এবার মুক্তিযোদ্ধার কাছেও পরাস্ত হলো মোহামেডান। পেশাদার ফুটবল লিগের গত পাঁচ আসরে মোহামেডানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদ কখনো এতো বড় ব্যবধানে জিততে পারেনি। গতকাল গোপালগঞ্জে সে রেকর্ডটি গড়ে ফেলল মুক্তিযোদ্ধা। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে আরো উপরে উঠে এলো মুক্তিযোদ্ধা সংসদ। পেশাদার লিগে এ পর্যন্ত মোহামেডান মুক্তিযোদ্ধা ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে মোহামেডান জিতেছে চারবার, মুক্তিযোদ্ধার জয় তিনটি এবং ড্র হয়েছে চারটি। একটা সময় ছিল যখন শক্তিশালী দল নিয়েও মোহামেডানকে হারাতে নাভিশ্বাস উঠতো মুক্তিযোদ্ধার। অথচ কাল অনেক দুর্বল দল নিয়েও তারা মোহামেডানের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়েছে। ১১ মিনিটে গোল হজম করে মোহামেডান। দলের গোলকিপার মামুন খান আর ডিফেন্ডার ইয়াসিনের মধ্যে কে বল ধরবেন, এই ভুল বুঝাবুঝির সুযোগে মুক্তিযোদ্ধার ব্রাজিলীয় ফুটবলার থিয়াগো টাইসন সিলভা হেড করে গোল বল জালে পাঠান (১-০)। পিছিয়ে পড়েও ৪৬ মিনিটে খেলায় ফিরেছিল মোহামেডান। নাইজেরিয়ান ফরোয়ার্ড অগাষ্টিনের গোলটি দ্বিতীয়ার্ধে স্বস্তি দেয় মোহামেডানকে (১-১)। কিন্তু এখানেই থেমে যায় মোহামেডানের গোলের চাকা। মোহামেডান ডিফেন্ডারদের ভুলের সুযোগটা কাজে লাগায় মুক্তিযোদ্ধা সংসদ। এবারও ইয়াসিন ভুল করেন। তিনি বল ক্লিয়ার না করে মুক্তিযোদ্ধার সিলভাকে আটকাতে গেলে ইউসুফ বল পেয়ে জালে পাঠালে ৬৬ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। স্বাগতিক দর্শকদের উত্সাহ পেয়ে মোহামেডানকে কোণঠাসা করে তারা। মিডফিল্ডেও ভালো খেলেনি মোহামেডান। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভাল আক্রমণও গড়তে পারেনি। চাপ নিতে গিয়ে ৭৬ মিনিটে আবার ভুল করেন মোহামেডান ডিফেন্ডাররা। সুযোগ কাজে লাগিয়ে নাইজেরিয়ান ফুটবলার ডার্লিংটন ব্যবধান বাড়ান ৩-১। মোহামেডানের তখন হারানোর কিছু নেই। অলআউট খেলে ম্যাচে ফেরার সুযোগ নিতে গেলে স্বাগতিক দল পাল্টা আক্রমণে ৮৯ মিনিটে ৪-১ গোলের বড় ব্যবধান গড়ে দেন রনি। মোহামেডানের ভারপ্রাপ্ত কোচ জুয়েল রানা টেলিফোনে জানান তারা বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু কেন এমন হলো জানতে চাইলে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন ‘ডিফেন্ডারদের ভুলের কারণে হয়েছে।’