বালোতেল্লিকে ছাড়তে চায় ম্যান সিটি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫২
মাত্রই কিছু দিন আগে ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি বলেছিলেন, এই মুহূর্তে মারিও বালোতেল্লিকে ছাড়ছেন না তিনি। কারণ ক্লাবের মালিক শেখ মানসুর এই স্ট্রাইকারের প্রতিভা ও বিশ্বব্যাপী ব্যবসায়িক মূল্যের কারণে তাকে দলে রাখতে আগ্রহী। তবে গত বৃহস্পতিবারে ঘটে যাওয়া ঘটনার পরে সিটিতে বালোতেল্লির থাকার সম্ভাবনা খুব কমই। কারণ, মানচিনি একরকম মেনেই নিয়েছেন যতই সুযোগ দেয়া হোক একদমই পাল্টাচ্ছেন না ‘সুপার মারিও’। তাই নগদ টাকায় বিক্রি করে দিতে চাইছেন এই ইতালিয়ান স্ট্রাইকারকে। ক্লাবের সমর্থনও মানচিনির পক্ষেই। গত বৃহস্পতিবার ঘটে যাওয়া সেই লজ্জাজনক ঘটনার পরে প্রথমবারের মত সংবাদমাধ্যমকে দেয়া বক্তব্যে সিটি কোচ জানিয়েছেন তিনি বালোতেল্লিকে আরো ১০০ বার বদলে যাওয়ার সুযোগ দিবেন। পাশাপাশি এ কথাও নিশ্চিত করেছেন যে ঐ দিনের ঘটনার জন্য কোন শাস্তি পেতে হবে না তার স্বদেশী এই স্ট্রাইকারকে। তবে ক্লাব তাকে বিক্রির বিষয়ে যে কোন ক্লাবের সাথে আলোচনায় বসতে আগ্রহী। যা কিনা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে চলতি দলবদল মৌসুমে না হলেও আসন্ন গ্রীষ্মের দলবদলের পরে হয়তো সিটিতে থাকা হচ্ছে না বালোতেল্লির।