পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে ভারতের দিল্লি যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ রবিবার দিল্লিতে ভারত-পাকিস্তানের শেষ ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ দেখতে ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ সেখানে যাবেন। আর জাকা আশরাফের আমন্ত্রণে বিসিবি সভাপতি যাচ্ছেন দিল্লিতে। উদ্দেশ্য ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ নয়, সম্প্রতি সৃষ্ট হওয়া বিসিবি ও পিসিবির মধ্যে সম্পর্ক টানাপোড়েনের সমাধানের লক্ষ্য নিয়েই বোর্ড সভাপতি দিল্লি রয়ানা হবেন।
গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিসিবি প্রধানের দিল্লি সফরের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পিসিবি প্রধান জাকা আশরাফের আমন্ত্রণে বোর্ড সভাপতি কাল (আজ) দিল্লি যাচ্ছেন। সেখানে পিসিবি প্রধানের সাথে তিনি সাক্ষাত্ করবেন’।
ধারণা করা হচ্ছে বোর্ড সভাপতি ও পিসিবি প্রধানের এই সাক্ষাতে উঠে আসতে পারে বাংলাদেশ দলের পাকিস্তান সফর প্রসঙ্গ। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানি খেলোয়াড়দের ছাড়পত্র দেয়ার বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
এ মাসের ১০ জানুয়ারি বাংলাদেশ দলের পাকিস্তান সফর করার কথা থাকলেও নিরাপত্তাহীনতার কারণে বিসিবি শেষ পর্যন্ত সফর স্থগিত করে। এরপর কয়েক দফা বিসিবি ও পিসিবির মধ্যে চিঠি চালাচালি হয়। ক্রিকেট বোর্ড সভাপতি পিসিবির সাথে সৌজন্য সাক্ষাত্ করার ইচ্ছাও প্রকাশ করেছেন। অবশেষে বোর্ড সভাপতির আগ্রহে সাড়া দিয়ে পিসিবি চেয়ারম্যান বিসিবি সভাপতি পাপনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান।
বোর্ড সূত্র থেকে জানা যায়, পাপন ও জাকার এই বৈঠকটি ইতিবাচক ফলপ্রসূ হতে পারে। ইতিমধ্যে বিপিএল খেলার জন্য পিসিবি খেলোয়াড়দের ছাড়পত্র দিয়েছে বলে জানা গেছে। তবে অফিসিয়ালি ছাড়পত্র হয়তো আজকের বৈঠকের পর দিবে বলে ধারণা করা যাচ্ছে।
ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে আইসিসির অফিসিয়ালরাও দিল্লিতে উপস্থিত থাকবেন। বোর্ড সভাপতি হওয়ার পর পাপনের সাথে আইসিসি কর্মকর্তাদের সাথে এখনো পরিচয় হয়নি। দিল্লি সফরের মধ্য দিয়ে পরিচয়পর্বটিও সেরে ফেলতে পারবেন ক্রিকেট বোর্ড সভাপতি।
