অকল্যান্ড টেনিসের শিরোপা জিতলেন রাদওয়ানস্কা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৪
এএসবি ক্লাসিক টেনিস টুর্নামেন্টের শিরোপা জয়ের মাধ্যমে আসন্ন অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতিটা ভালভাবেই শেষ করলেন বিশ্বের চার নম্বর টেনিস তারকা অগ্নিয়েসকা রাদওয়ানস্কা। শনিবার অনুষ্ঠিত ম্যাচে পোল্যান্ডের রাদওয়ানস্কা ৬-৪, ৬-৪ গেমে বেলজিয়ামের ইয়ানিনা বিকমায়েরকে পরাজিত করেন। এক সপ্তাহব্যাপী অকল্যান্ড টুর্নামেন্টে কোন সেটে হার না মানা উইম্বলডন রানার আপ রাদওয়ানস্কা বলেন, ‘আমি খুব-খুব-খুব খুশি। নতুন বছর শুরু করার জন্য এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না। অস্ট্রেলিয়া ওপেনের প্রস্তুতি হিসাবে এটা অসাধারণ পন্থা।’ টুর্নামেন্টের তৃতীয় বাছাই বিকমায়ের গত চার বছরে এ নিয়ে তিনবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলে ২০১০ সালে শিরোপা জয় করেন। ম্যাচ শেষে বিকমায়ের বলেন, ‘আমি হতাশ। কিন্তু কোর্টে আমি মন-প্রাণ উজাড় করে খেলেছি। যতটা সম্ভব আমি আগ্রাসী হওয়ার চেষ্টা করেছি। তবে আজ সেটা যথেষ্ট ছিল না।’ -বাসস/এএফপি