‘পেপসি মিডিয়া ক্রিকেট’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল ২৪। গতকাল শনিবার এক শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যানেল ২৪ মাত্র এক রানের ব্যবধানে মাছরাঙা টিভিকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টস জিতে দুই উইকেটে ৬৯ রান করে চ্যানেল ২৪। জবাবে নির্ধারিত ছয় ওভারে চার উইকেট হারিয়ে ৬৮ রানের বেশি তুলতে না পারায় হেরে যায় মাছরাঙা টিভি। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১২ রান। চ্যাম্পিয়ন দলের সাদমান সাকিব ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এ প্রতিযোগিতার আয়োজন করে।
এর আগে প্রথম সেমিফাইনালে মাছরাঙা টিভি (৮৭/৩) দুই উইকেটে হারায় এটিএন নিউজকে (৮৬/১)। মাছরাঙা টিভি’র জুবায়ের ম্যান অব দ্যা ম্যাচ হন। দ্বিতীয় সেমিফাইনালে চ্যানেল ২৪ (১৩১/২) ৪০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যানেল আইকে (৯১/২)। চ্যানেল ২৪ এর সাদমান সাকিব এ খেলাটিতেও ম্যান অব দ্যা ম্যাচ হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল (অবঃ) ফারুক খান এমপি। তিনি এই টুর্নামেন্টের জন্য এক লাখ টাকার অনুদান ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) ঢাকা গ্ল্যাডিয়েটরস এর চেয়ারম্যান সেলিম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসজেএ’র সভাপতি সৈয়দ মো. মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান শামীম, টুর্নামেন্ট চেয়ারম্যান আরিফুর রহমান বাবু প্রমুখ। খবর বিজ্ঞপ্তির
