র্যাবের জন্য দুটি হেলিকপ্টার আসছে আগামী ৮ জানুয়ারি। দীর্ঘ ৮ বছর পর র্যাবে যুক্ত হচ্ছে এ ২টি হেলিকপ্টার। এ ব্যাপারে র্যাবের মিডিয়া এ্যান্ড লিগ্যাল শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে দুইটি হেলিকপ্টার চলতি মাসের প্রথম সপ্তাহে র্যাবে যুক্ত হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে র্যাবের এয়ার উইং পরিচালক লে. কর্নেল আরিফ মোহাম্মদ বলেন, হেলিকপ্টার সংযোজিত হওয়ার পর দেশের দুর্গম এলাকাগুলোতেও দ্রুত অভিযান চালানো সম্ভব হবে।
৫৭ কোটি ৩৯ লাখ টাকা মূল্যের হেলিকপ্টার দুটি বর্তমানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। প্রথম দফায় সিঙ্গাপুর থেকে হেলিকপ্টার দুইটি মালয়েশিয়ায় আসবে। সেখানে বিরতির পর তা থাইল্যান্ডে পৌঁছবে। থাইল্যান্ড থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে আগামী ৮ জানুয়ারি। ঐ দিন ঢাকায় পৌঁছে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে র্যাবের কাছে হেলিকপ্টার দুইটি হস্তান্তর করা হবে।
