৪ ভাগ ড্রাইভার গাড়ি চালানোর সময় ঘুমায়!

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০০
যুক্তরাষ্ট্রের গাড়ি চালক বা ড্রাইভারদের অন্তত শতকরা ৪ ভাগ বা প্রতি ২৪ জনে ১ জন গাড়ি চালানোর সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। গবেষকগণ বলছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। যুক্তরাষ্ট্রের ১৯টি অঙ্গরাজ্য ও কলম্বিয়া ডিস্ট্রিক্ট-এর ১ লক্ষ ৪৭ হাজার ব্যক্তির ওপর পরিচালিত জরীপ থেকে এ তথ্য পাওয়া যায়। গবেষকগণ উল্লেখ করেন মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে ড্রাউজি ড্রাইভিং-এর প্রবণতা অধিক। আর এসব পুরুষদের বয়স ২৫ থেকে ৩৪ বছর এবং এরা সাধারণত ৬ ঘণ্টার কম ঘুমায়। গবেষণার উদ্যোক্তা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-এর বিশেষজ্ঞ এবং গবেষণার প্রধান অথার অ্যান হুইটসন উল্লেখ করেছেন যে, তিনি যখন রাস্তায় গাড়ি চালান তখন অন্য গাড়ি চালকদের সম্পর্কে খানিকটা উদ্বিগ্ন থাকেন। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির স্লিপ এন্ড পারফরম্যান্স রিসার্স সেন্টারের গবেষক ড: গ্রেগরি ব্লেনকি মনে করেন যুক্তরাষ্ট্রের ব্যাপক সংখ্যক মানুষের ঘুমের সমস্যা আছে এবং তারা যখন গাড়ি চালান তখন গাড়িতে ঘুম বা তন্দ্রা চলে আসে। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য মতে, অন্তত শতকরা ৩ ভাগ মারাত্মক ট্রাফিক অ্যাকসিডেন্ট হয় ড্রাউজি ড্রাইভিং-এর জন্য। তবে এ সংখ্যা ৩৩ ভাগ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং এটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ড্রাউজি ড্রাইভিং প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ দৈনিক ৭-৯ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়েছেন এবং যদি কারও ঘুমের সমস্যা থাকে তার যথাযথ চিকিত্সার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া গাড়ি চালনার আগে মদ্যপান না করার পরামর্শ দেয়া হয়। অনুরূপভাবে ২০০৭ সালে কানাডায় পরিচালিত এক জরীপে দেখা যায়, ১৫ ভাগ মানুষ গাড়ি চালনার সময় ঘুমিয়ে পড়েন। তাই এসব ক্ষেত্রে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এই গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্র ও কানাডার চিত্র। সে সব দেশে শতকরা ৯৫-৯৮ ভাগ গাড়ির মালিকই গাড়ি চালান এবং বাংলাদেশে এই চিত্র সম্পূর্ণ উল্টো। এছাড়া বাংলাদেশে গাড়ি চালকদের ঘুম নিয়ে কোন গবেষণা হয়নি। তাই বলা যাচ্ছে না দেশের কতভাগ সড়ক দুর্ঘটনা চালকদের ঘুমের কারণে ঘটে থাকে। তবে রাতের সড়ক দুর্ঘটনার বেশিরভাগ কারণ চালকের ঘুম বলে বিশেষজ্ঞদের অভিমত।