আসন্ন সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশ করার লক্ষ্যে নীতি-নির্ধারণী মহলকে প্রভাবিত ও জনমত সৃষ্টি করতে রাজধানীর বিজয় সরণির মোড়ে একটি ‘মৃত্যুঘড়ি’ স্থাপন করা হয়েছে। যেখানে প্রতিদিন তামাকের কারণে মৃত্যুর সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে। বেসরকারি সংস্থা প্রগতির জন্য জ্ঞান- প্রজ্ঞা এটি স্থাপন করেছে। ‘মৃত্যুঘড়ি’টি গতকাল শনিবার সকালে সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেয়া হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ‘মৃত্যুঘড়ি’টি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন।
তথ্যমন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামী সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। অনুষ্ঠানে ‘মৃত্যুঘড়ি’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস্ এর এডভোকেসি এন্ড মিডিয়া কোঅর্ডিনেটর তাইফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দ্য ইউনিয়নের টেকনিক্যাল এডভাইজার ইশরাত চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রজেক্ট ম্যানেজার আমিন উল আহসান, ড. সোহেল রেজা চৌধুরী, সাংবাদিক রুহুল আমিন রুশদ’ প্রজ্ঞার চেয়ারম্যান সাইদ বদরুল করিম প্রমুখ। আসন্ন শীতকালীন সংসদ অধিবেশনের পুরো সময় জুড়েই চলবে এই ‘মৃত্যুঘড়ি’।
প্রসঙ্গত, দেশে ৪ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন। এর ফলে প্রতিবছর ৫৭০০০ মানুষ মারা যান এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন। অর্থাত্ প্রতিদিন তামাকের কারণে ঝরে পড়ে ১৫৬ টি প্রাণ। বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি আরও শক্তিশালী করতে গত ২৭ আগস্ট মন্ত্রিসভা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০১২’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়। কিন্তু এরই মধ্যে পেরিয়ে গেছে ১৩১ টি দিন; আর ঝরে পড়েছে ২০ সহস্রাধিক মানুষের প্রাণ।
