শপথ গ্রহণের জন্য সময় চেয়ে স্পিকারকে কোনও চিঠি দেইনি: ফখরুল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৬:১৬

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়ে সময় চেয়ে জাতীয় সংসদের স্পিকারকে কোনও চিঠি দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আওয়াজ নামের একটি সংগঠনের আয়োজনে 'উন্নয়নের মৃত্যুকূপে জনজীবন/নুসরাত একটি প্রতিবাদ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'স্পিকারের কাছে কোনও সময় চাইনি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, কিছু কিছু পত্রিকা ও চ্যানেল লিখেছে, আমি শপথের জন্য সময় চেয়েছি। একটি পত্রিকা লিখেছে, আমি আজ শপথ গ্রহণ করবো। এটা সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে না'।

তিনি আরও বলেন, 'আমরা যে শপথ নিয়েছি, এর জন্য অনেকে অনেক মন্তব্য করেছেন। কিন্তু সময়ই প্রমাণ করবে, শপথ নেওয়াটা সঠিক সিদ্ধান্ত কি না। আগে আমরা শপথ নিইনি, তার মানে এখন নেবো না, তা তো হতে পারে না। আজকে যে শপথ নিয়েছি, সেটা ভয়াবহ দানবকে পরাজিত করার জন্যই নিয়েছি। সবাই শপথ নিয়েছে, কিন্তু আমি শপথ নিইনি। এটা আমাদের দলের সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু হয়নি'।

আরও পড়ুন:   মসজিদে হামলার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা, মার্কিন সেনা আটক

সরকারের সঙ্গে বিএনপি ও খালেদা জিয়া কোনও সমঝোতা নয় দাবি করে তিনি বলেন, 'খালেদা জিয়া সমঝোতা করলে অনেক আগেই তিনি এ দেশের প্রধানমন্ত্রী থাকতেন। আমরা কোনও বিদেশির পরামর্শে কিছু করিনি, কারও সঙ্গে দেন-দরবারও করিনি। আমরা চলমান রাজনীতি দেখছি। আমরা বাস্তবতা দেখছি। এগুলো বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছি'।

এর আগে মঙ্গলবার পূর্ব নির্ধারিত শপথ গ্রহণের শেষ দিনে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য। তাদের সঙ্গে শপথ নেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইত্তেফাক/জেডএইচডি