শিরোপাধারী চেলসি ও ম্যানচেস্টার সিটি ১৩২তম এফ এ কাপের তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছে। তবে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিন ফন পার্সির শেষ মুহূর্তের গোলে সৌভাগ্যক্রমে ওয়েস্ট হাম ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল। ফলে এই দুই দলের মধ্যে রিপ্লে হবে। ডেম্বা বা নিজের অভিষেক ম্যাচে দুই গোল দিলে সেন্ট মেরি স্টেডিয়ামে স্বাগতিক সাউদাম্পটনকে ৫-১ গোলে হারায় গত আসরের চ্যাম্পিয়ন চেলসি। ২২ মিনিটে জে রড্রিগুয়েজের গোলে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটনই। ডেম্বা বা ও ভিক্টর মোসেসের গোলে প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধে ব্রানিস্লাভ ইভানোভিচ বা এবং ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের গোলে সাত বছরের মধ্যে পঞ্চম এফএ কাপ শিরোপার দিকে এগিয়ে যাওয়া চেলসির বড় জয় নিশ্চিত হয়। ২৭ বছর বয়সী বা কেবল আগের দিনই নিউ ক্যাসল থেকে চেলসিতে নাম লেখান। চলতি মৌসুমে এটি তার ১৪তম গোল। ইত্তিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে ওয়াটফোর্ডকে হারিয়েছে ম্যান সিটি। কার্লোস তেভেজ, গ্যারেথ ব্যারি ও মারকোস লোপেজের গোলে পাওয়া সহজ জয়ে ইংলিশ চ্যাম্পিয়নদের চতুর্থ রাউন্ড অনেকটাই নিশ্চিত। উপটন পার্কে ১১ বারের শিরোপা জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড ২৩ মিনিটে এগিয়ে দিয়েছিলেন টম ক্লেভারলি। ২০০৪ সালের পর থেকে শিরোপা অধরা হয়ে থাকা স্যার অ্যালেক্সের দলকে অস্বস্তিতে ফেলেন জেমস কলিন। তার দুই গোলের সুবাদে ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু শেষ মুহূর্তে ৪০ মিটার দূর থেকে রায়ান গিগসের নিখুঁত পাসে বদলী হিসেবে নামা পার্সির লক্ষ্যভেদে হার এড়ায় অতিথিরা। প্রিমিয়ার লিগের আরো তিনটি ক্লাবকে রিপ্লে খেলতে হবে নীচের দিকের লিগের দলের সাথে ড্রয়ে বাধ্য হওয়ার কারণে। অপর দু’টি দল হলো উইগান ও ফুলহ্যাম। উইগানকে ১-১ গোলের ড্রয়ে বাধ্য করে বোর্নমাউথ। অপরদিকে ফুলহ্যামকে একই ব্যবধানে আটকে দেয় ব্ল্যাকপুল। এছাড়া সান্ডারল্যান্ড ও বোল্টনের খেলাটি ড্র হয় ২-২ গোলে।
