সাফল্যে বছর শুরু মারের

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩৮
অলিম্পিক চ্যাম্পিয়ন ও ইউএস ওপেন জয়ী অ্যান্ডি ম্যারে ব্রিসবেন ইন্টারন্যাশনালের শিরোপা ধরে রেখে দারুণ ভাবেই বছরটা শুরু করলেন। গতকাল রবিবার অনুষ্ঠিত ফাইনালে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে ৭-৬(০), ৬-৪ গেমে জিতে শিরোপা ধরে রাখেন মারে। গত বছর এই ব্রিসবেনে শিরোপা জিতেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরটি শুরু করেছিলেন মারে। কারণ গত বছরই বৃটিশদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯৩৬ সালে ফ্রেড পেরির পরে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে গ্রান্ড স্লাম শিরোপা জেতেন তিনি। ইউএস ওপেনের জয়টির আগে তিনি তুলে নেন লন্ডন অলিম্পিকের সোনার পদক। এবার অবশ্য গেলবারের মতো চাপে ছিলেন না মারে। তারপরও ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনের প্রাক্কালে ব্রিসবেনের এই টুর্নামেন্টে দিমিত্রভের বিরুদ্ধে অনেকটা ধীরগতিতে ম্যাচ শুরু করেন মারে। ফলে নিজের প্রথম এটিপি টুর্নামেন্টের ফাইনালে খেলতে নেমে এক পর্যায়ে ৪-১ ব্যবধানে এগিয়েও যান দিমিত্রভ। দারুণ কিছু ব্যাকহ্যান্ডে মারের চোখ ধাঁধিয়ে দেন এই বুলগেরিয়ান। তবে প্রথম সেট জয়ের দ্বারপ্রান্তে এসে খেই হারিয়ে ফেলেন তিনি। খেলা যখন ৫-৩ গেমে, সে সময় সেট পয়েন্টের জন্য সার্ভ করতে গিয়ে হঠাত্ মেজাজ হারিয়ে ফেলেন তিনি। পরে সেটটি টাইব্রেকারে টেনে নিয়ে ৭-৬ ব্যবধানে জিতে নেন মারে। দ্বিতীয় সেটে মারে ছিলেন অনেকটাই স্বচ্ছন্দ। ফলে মাত্র দেড় ঘণ্টায় ফয়সালা হওয়া এ ফাইনালে শেষ হাসি হাসেন মারেই। মারে বলেন,‘শুরুতে আমি গুছিয়ে উঠতে পারিনি এবং সে(দিমিত্রভ) খুবই আক্রমণাত্মক খেলছিল। প্রথম সেটের শেষদিকে আমি ঘুরে দাঁড়াতে শুরু করি।’ নিজেকে আরও আগ্রাসী মানসিকতায় শানিয়ে নেবার ব্যাপারে তিনি বলেন,‘এটা আসলে পুরোপুরিই মানসিকতার পরিবর্তনের একটা ব্যাপার এবং এটি এমন নয় যে সপ্তাহ দুয়েকের মধ্যেই ব্যাপারটা পাল্টে যাবে। মাঠে আক্রমণাত্মক হওয়ার সিদ্ধান্ত যে সঠিক তার সাথে নিজেকে মানিয়ে নিতে সময়ের প্রয়োজন।’