হুগো শ্যাভেজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের নেতা দিয়োসদাদো ক্যাবেলোকে স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত করেছে ভেনিজুয়েলার জাতীয় আইন পরিষদ। শ্যাভেজ ক্যান্সার থেকে আরোগ্য লাভ করতে না পারলে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন ক্যাবেলো ।
কংগ্রেসের ১৬৫টি আসনের মধ্যে শ্যাভেজের রাজনৈতিক জোটের সংখ্যাগরিষ্ঠতা থাকায় শনিবার সহজেই আইন পরিষদের নেতা নির্বাচিত হন ক্যাবেলো। তিনি এমন এক সময় স্পিকার নির্বাচিত হলেন যখন এটা মোটামুটি নিশ্চিত যে, আগামী ১০ জানুয়ারি আরো ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারছেন না শ্যাভেজ। শ্যাভেজ যদি পদত্যাগ করেন কিংবা মারা যান, তাহলে জাতীয় আইন পরিষদের নেতা হিসেবে ক্যাবেলো অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পাবেন এবং ৩০ দিনের মধ্যে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
