আগামী মৌসুমে পেশাদার লিগের ভেন্যু বাড়বে

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তথা পেশাদার লিগের খেলা আগামী মৌসুমে দেশের সাত বিভাগীয় স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বাফুফের। এজন্য ক্লাবগুলোকে রাজধানীর বাইরের স্টেডিয়ামগুলোকে ভেন্যু হিসাবে গ্রহণ করতে হবে। এমন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে বাফুফে। তবে আগামীতে পেশাদার ফুটবল লিগ বাফুফে আয়োজন করবে না। ক্লাব প্রতিনিধিদের নিয়ে পৃথক লিগ কমিটি গঠন করে তাদের হাতে দায়িত্ব তুলে দেয়া হবে। তারাই লিগ পরিচালনা করবে। বাফুফে বাইলজ প্রণয়ন করে দেবে, অবকাঠামোগত সুবিধা দেবে। স্পন্সর সংগ্রহ, আয় ব্যয় যা কিছু হবে সেটা লিগ কমিটির হাতে থাকবে। লিগ কমিটি সম্প্রসারণ করা হয়েছে। আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ, মোহামেডান পরিচালক লোকমান হোসেন, শেখ জামালের মঞ্জুর কাদের, শেখ রাসেলের নরুল আলম চৌধুরীসহ ক্লাবের বড় কর্মকর্তারা যুক্ত হচ্ছেন কমিটিতে।