স্যাটেলাইট টিভি চ্যানেলে নাটক ও অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন বছর থেকে বিজ্ঞাপন প্রচারমূল্য নতুন নীতিমালা অনুযায়ী নির্ধারিত হচ্ছে। দর্শকদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে অতিমাত্রায় বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে সচেতন হয়েছে বেশ কটি স্যাটেলাইট চ্যানেল। চড়ামূল্যে বিভিন্ন টিভি অনুষ্ঠান কেনা ও সরকারি শুল্ক বৃদ্ধি পাওয়ায় এই নতুন নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানায় বেশ কটি টিভি চ্যানেল কর্তৃপক্ষ। তবে এর আগেই বেশ কয়েকটি চ্যানেল তাদের নিজেদের দর্শকদের কথা চিন্তা করে আগে থেকেই বিজ্ঞাপন প্রচারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করেছে। আরটিভি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেল এরই মধ্যে তাদের প্রতিটি অনুষ্ঠানে নির্ধারিত বিরতিতে ফেরার প্রসঙ্গে তত্পর হয়েছেন।
টিভি অনুষ্ঠানে বিজ্ঞাপনের চাপ প্রসঙ্গে নাট্যজন মামুনুর রশীদ বলেন,‘টিভি নাটকে লগ্নি উঠানোর জন্যই এই কাজটি তারা করে থাকেন এটা স্পষ্ট। কিন্তু তারা চাঙ্ক হিসেব না করে যদি নির্মাতা অনুযায়ী বিজ্ঞাপন মূল্য নির্ধারণ করেন তাহলে বিষয়টা সবচেয়ে সহজ হয়।
এ প্রসঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন,‘এটা চ্যানেল কর্তৃপক্ষের নিতান্ত সদিচ্ছার ব্যাপার। উদাহরণ দিয়ে বলতে পারি ঈদের চাঙ্কে এটিএন বাংলা আমার নাটক প্রচার করেছে কিন্তু বিজ্ঞাপন বাড়ায়নি। বিজ্ঞাপনের রেট বাড়িয়ে দেয়া হয়েছিল প্রায় ১০গুণ। তাতে কিন্তু তারা লাভবানও হয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যে কেনা লাভজনক নাটক এটিই। তাই চ্যানেলগুলোর সদিচ্ছা থাকলেই দর্শকেরা এই বিজ্ঞাপন বিরক্তি থেকে রেহাই পেতে পারেন।’ তাই সময়ের প্রয়োজনেই এখন স্যাটেলাইট চ্যানেলগুলোকে তাদের দর্শককে দেশীয় চ্যানেলে ফেরাতে হলে এই নীতিমালায় আসতে হবে।’
এ প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান অধ্যক্ষ শামীম শাহেদ বলেন,‘ আমাদের নাটক কেনার আগেই ট্যাক্স ধরিয়ে দেয়া হচ্ছে। তাই বাধ্য হয়েই বিজ্ঞাপন দিয়ে তা পোষাতে হচ্ছে। তবে দর্শকদেরকে আমাদের নাটকে নিবিষ্ট রাখতেই আমরাও বিজ্ঞাপন প্রচারের নীতিমালা পরিবর্তন করেছি। এবছর প্রচারিত নাটক ও অনুষ্ঠানমালায় সেই নীতির সফল প্রয়োগ ঘটবে।’
