সৌদি আরবের সংসদীয় প্রতিনিধি দল চার দিনের সফরে গতকাল রবিবার বাংলাদেশে এসেছে। সৌদি স্পিকার ড. শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট।
সৌদি সংসদীয় প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বহু পুরানো ও ঐতিহাসিক। সৌদি আরবে দক্ষ ও অদক্ষসহ শ্রমিক, ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং বহু পেশার লাখ লাখ বাংলাদেশি কাজ করছে।
সৌদি স্পিকার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোয় স্পিকার মো. আবদুল হামিদকে ধন্যবাদ জানান। এ সফরের ফলে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি সরকার বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি বন্ধ করেনি বরং জনশক্তি রফতানির ক্ষেত্রে একটি প্রক্রিয়া অনুসরণ করছে মাত্র। এখন বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সৌদিতে জনশক্তি রফতানি করা হবে। সৌদি স্পিকার ঢাকায় তাদের দূতাবাসের কর্মকর্তা খালাফ হত্যাকারীদের চিহ্নিত করে বিচার করায় তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
