অ্যান্টার্কটিকার উচ্চতম পর্বতশৃঙ্গ ভিনসন ম্যাসিফ জয় ওয়াসফিয়ার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৩
বাংলাদেশের দ্বিতীয় নারী এভারেস্ট বিজয়ী ও ‘বাংলাদেশ অন সেভেন সামিট’-এর প্রবর্তক পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন অ্যান্টার্কটিকার উচ্চতম পর্বতশৃঙ্গ ভিনসন ম্যাসিফ জয় করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে এ চূড়া জয় করলেন। সাত মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের ক্যাম্পেইনে ভিনসন ম্যাসিফ তার চতুর্থ পর্বতচূড়া জয়। ভিনসনের শীর্ষচূড়া থেকে ওয়াসফিয়া স্যাটেলাইট ফোনের মাধ্যমে তার ‘বাংলাদেশ অন সেভেন সামিট’-এর মুখপাত্র করভী রাকসান্দকে গত ৫ জানুয়ারি রাতে এ কথা জানান। তিনি বলেন, ‘এ শৃঙ্গ জয় ছিল তার সব অভিযানের মধ্যে অন্যতম কঠিন অভিযান। কঠিন কাজটি তিনি করেছেন দেশের জন্য, যাতে আমরা নতুন আশা নিয়ে নতুন বছর শুরু করতে পারি।’ গত বছরের ৮ নভেম্বর পতাকা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে ওয়াসফিয়া ‘ভিনসন ম্যাসিফ’ পর্বত অভিযানের যাত্রা করেন। উল্লেখ্য, ভিনসন ম্যাসিফ কুমেরু অঞ্চল থেকে প্রায় ১২০০ কিলোমিটার দূরে এবং প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ ও ১৩ কিলোমিটার প্রস্থ। ভিনসন পর্বতের শীর্ষচূড়ার উচ্চতা ৪৮৯২ মিটার।