বিকাল তিনটায় বিমান বন্দরে তার নামার কথা ছিল। বিলম্বিত ফ্লাইট এবং বিমান বন্দরে পোর্ট এন্ট্রি ভিসার আনুষ্ঠানিকতা সেরে ভিআইপি লাউঞ্জের বাইরে আসতে আসতেই সূর্য ডুবতে চলেছে। তবে এই পড়ন্ত বেলাতেও বাংলাদেশের ফুটবলে নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখালেন তিনি। বাংলাদেশকে এখন নতুন করে স্বপ্ন দেখানোর দায়িত্ব নিয়ে কাল ঢাকায় পৌঁছলেন ডাচ কোচ লডেইউক ডি ক্রুয়েফ।
বিমান বন্দরের বাইরে রাস্তার উপরে অপেক্ষমাণ সংবাদ মাধ্যমের ব্যাপক উপস্থিতি দেখে ডাচ কোচ লডেইউক ডি ক্রুয়েফ এবং সহকারী কোচ রেনে কোস্তারের লম্বা ভ্রমণ ক্লান্তিটা যেন কিছুক্ষণের জন্য মুছে গেল। স্বতঃস্ফূর্তভাবেই কথা বললেন তারা। বাংলাদেশের ফুটবল সম্পর্কে ধারণা একেবারেই নেই তা বলা যাবে না। ইন্টারনেটের মাধ্যমে যতটুকু জানা যায় এদেশের ফুটবল সম্পর্কে জেনে এসেছেন। নাইজেরিয়া ক্লাব ফুটবলের কোচ থাকাকালীন তার দলে খেলা তিন ফুটবলার এখন বাংলাদেশে ফুটবল খেলছেন। তাদের কাছ থেকেও কিছু তথ্য পেয়েছেন লডেইউক ডি ক্রুয়েফ।
ক্রুইফ নামে একজন ফুটবলার ও কোচকে বিশ্ব যেমন চেনে, বাংলাদেশও চেনে। স্বদেশী কিংবদন্তী ইয়োহান ক্রুইফের মতো মোটেও বর্ণাঢ্য কোচিং ও খেলোয়াড়ী ক্যারিয়ার নয় এই ক্রুয়েফের। নিজে খেলতেন ডিফেন্সে। খেলেছেন হল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, নাইজেরিয়া এবং চীনে। সবচে বড় কথা হচ্ছে লডেইউক ডি ক্রুয়েফ এবারই প্রথম কোনো দেশের জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। নিজেই বলেছেন, কোচিং ক্যারিয়ারের শুরুতেই তিনি হল্যান্ডে একটি ছোট দলের কোচ ছিলেন। আট বছরের কোচিং ক্যারিয়ারে গত বছর আফ্রিকায় সেরা কোচের মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। চার দিনের সফরে সহকারীকে নিয়ে ঢাকায় এসেছেন। দু’-একদিনের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা। চুক্তির বিষয়টি চূড়ান্তই হয়ে রয়েছে। একথা আগেই বলেছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন।
লডেইউক ডি ক্রুয়েফ বললেন, তার প্রথম লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের ফুটবলকে বেটার পজিশনে নিয়ে যাওয়া। তিনি বলেছেন, এখন ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬৮। আমি এটাকে এক বছরের মধ্যে ১২০তম স্থানে নিয়ে যেতে চাই।
তবে র্যাংকিংও নয়; ক্রুয়েফের আসল লক্ষ্য কিংবদন্তী কুইফের সেই ডাচ ফুটবল খেলা। একসময় নেদারল্যান্ডস থেকে যে জাদুকরী ফুটবল শুরু হয়েছিল, এখন তা বার্সেলোনাকে বিশ্বজয়ী করে তুলেছে। কোচ ক্রুয়েফ বলেন, তিনি এখানে ডাচ ফুটবল গড়ে তুলতে চান। আর এজন্য তিনি দেখতে চান প্রথমে বাংলাদেশের ফুটবলারদের মানসিকতা এবং তাদের কোয়ালিটি অর্থাত্ কোন মানের খেলোয়াড় তারা।
ডাচ কোচ লডেইউক ডি ক্রুয়েফ এবং সহকারী কোচ রেনে কোস্তারের পেশাদার ফুটবল লিগের খেলা দেখবেন। তাদের জন্য আজ টিম বিজেএমসি ও আবাহনী এবং ১১ জানুয়ারি শেখ রাসেল এবং শেখ জামালের খেলাটি নির্ধারণ করা হয়েছে।
আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেলে এদেশে শুরু হবে ডাচ ফুটবলের সুচনা। জার্মানি, সুইজারল্যান্ড, ইরান, ইরাক, অষ্ট্রিয়া, মেসিডোনিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ভারতসহ প্রায় ১৬ জন বিদেশি ফুটবল কোচের হাত বদলেছে এদেশের ফুটবল। ভুটানসহ সাফ গেমস ফুটবল, সাফ চ্যাম্পিয়নশীপ ছাড়া সাফল্য নেই। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য রেখে এদেশের ফুটবলে নতুন দিগন্তের সূচণা করতে চান। এ জন্যই ডাচ ফুটবল কোচদের আনতে এ উদ্যোগ। আগেই জানিয়েছিলেন বাফুফে সভাপতি আগামী সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশীপই হবে ডাচ কোচদের জন্য অগ্নিপরীক্ষা। সেখানে কতটা সফল হবেন সেটা সময় বলে দেবে।
