টিটোয় উদ্ভাসিত বার্সা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৩৮
অস্ত্রপচারের পর গতকালই প্রথম দলের সাথে মাঠে দেখা গেল তাকে। আর মাঠে এসেই দলের দারুণ এক জয় দেখলেন বার্সেলোনার ক্যান্সার আক্রান্ত কোচ টিটো ভিলানোভা। লা লিগার ম্যাচে গতকাল বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে এস্প্যানিওলকে। আর রিয়াল মাদ্রিদের হয়ে অনেকদিন পর স্বরূপে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার জোড়া গোলেই নাটকীয় ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-৩ গোলে হারায় গ্যালাকটিকোরা। ম্যাচের প্রথমার্ধেই জয় নিশ্চিত করে ফেলে মেসিরা। জাভি-পেদ্রোদের দাপটে হতভম্ব হয়ে যায় এস্প্যানিওল। শুরুর ত্রিশ মিনিট যেতে না যেতেই স্কোরলাইনের ৪-০ অবস্থা দেখে সহজেই অনুমান করা যায় ম্যাচের ধরনটা। ১০ মিনিটে গোলের সূচনা করে দেন জাভি হার্নান্দেজ। জোড়া গোল করেন পেদ্রো রড্রিগেজ। পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। ম্যাচে সাইডলাইনে ছিলেন কোচ টিটো ভিলানোভা। ফিরে আসার পর তাকে অভ্যর্থনার কাজটা ভালোভাবেই সম্পন্ন করলো তার কাতালান শিষ্যরা। তবে, দিনের সব থেকে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হয় রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের মধ্যে। প্রথম একাদশে ছিলেন না দলের মূল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। তবে, মাত্র ছয় মিনিটে প্রথম একাদশে খেলতে নামা গোলরক্ষক অ্যান্টনিও অ্যাডান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ক্যাসিয়াসকে মাঠে নামাতে বাধ্য হন কোচ হোসে মরিনহো। ৮৪ মিনিট দশ জনের দল নিয়ে খেলা মাদ্রিদ দলকে ভালোই ভুগিয়েছে সোসিয়েদাদ। আর এর ফলে ভোগান্তিও কম পোহাতে হয়নি তাদের। তবে রোনালদোর জোড়া গোলের কল্যাণে শেষ হাসি স্বাগতিকরাই হাসে। রিয়াল সোসিয়েদাদের হয়ে হ্যাট্রিক করেন জাবি প্রিয়েতো। মাদ্রিদের অপর গোলগুলো আসে সামি খেদিরা ও করিম বেনজেমার পা থেকে। এদিকে মায়োর্কার মাঠে হোঁচট খেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। রাউল গার্সিয়ার গোলের পরেও ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দিনের অপর খেলায় সেল্টা ভিগো ৩-১ গোলে হারিয়েছে রিয়াল ভ্যালেদোলিদকে। ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪১। আর বার্সেলোনার থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। রবিবারের ম্যাচের ফলাফল সেল্টা ভিগো ৩ রিয়াল ভ্যালেদোলিদ ১ রিয়াল মাদ্রিদ ৪ রিয়াল সোসিয়েদাদ ৩ বার্সেলোনা ৪ এস্প্যানিওল ০ মায়োর্কা ১ অ্যাটলেটিকো মাদ্রিদ ১