বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যদের তুলনায় একটু ব্যতিক্রম কিছু করতে চাইল ঢাকা গ্ল্যাডিয়েটরস। অধিনায়কের নাম ঘোষণা,জার্সি উন্মোচন,নিজেদের মাসকট উন্মোচন, সবকিছু হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। আর এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আবারও অধিনায়কের দায়িত্ব নিয়ে মাশরাফি বিন মুর্তজা স্বপ্ন দেখছেন গতবারের মত এবারো চ্যাম্পিয়ন হওয়ার। স্বপ্ন মাশরাফি দেখতেই পারেন। অধিনায়ক তার দলে পাচ্ছেন সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক বিজয়, শহিদ আফ্রিদি, লাসিথ মালিঙ্গাদেরও।
মাশরাফির মতো দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন সাকিবও। আইপিএল খেলা এই তারকার কাছে বিপিএলের আকর্ষণটাই বেশি, ‘আাাইপিএলের তুলনায় বিপিএল খেলা এই কারণে সহজ, এখানে সবাই সবাইকে সাহায্য করে। ওখানে যেমন আমি একা ছিলাম, তেমন কারো কাছ থেকে সহায়তা পাওয়া যায় না। আর একজন পেশাদার ক্রিকেটার হিসাবে আমাকে সব ধরনের ক্রিকেটই খেলতে হবে’।
আসলে স্বপ্ন দেখছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের সব তারকাই। সেই ধারাবাহিকতায় কথা বললেন মোহাম্মদ আশরাফুলও। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেঞ্চুরি করে ফের নিজের সামর্থ্যের কথা মনে করিয়ে দিয়েছেন। বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান এই ক্রিকেটার,‘আমি ক্রিকেট খেলাটা উপভোগ করি। আমি আমার পারফরম্যান্স নিয়ে এই মুহূর্তে খুব চাপে নেই। এখন বরং দলের সাফল্য নিয়ে ভাবছি’।
ঢাকা গ্ল্যাডিয়েটরসের কোচ হচ্ছেন সম্ভবত ইয়ান পন্ট। এখনও তার নাম চূড়ান্ত হয়নি। সহকারী কোচ হিসাবে থাকছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। এছাড়া ফিজিও হিসেবে থাকবেন জাতীয় দলের ফিজিও বিভব সিং। গতবারের ম্যানেজার শফিকুল হক হীরাকে বাদ দিয়ে সানোয়ারকে ম্যানেজার করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে বিদেশি খেলোয়াড়রা ঢাকায় আসতে শুরু করবে বলে জানিয়েছেন দলের ম্যানেজার। ১৪ জানুয়ারি থেকে দলের অনুশীলনও শুরু হবে বলে জানান তিনি।
