অস্ট্রেলিয়ান পেস বোলার শন টেইট আসলে কোন ফ্রাঞ্চাইজির? বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলামে অবিক্রিত থাকা এই খেলোয়াড়কে পেতে ইতোমধ্যে কথার লড়াইয়ে নেমেছে চিটাগাং কিংস ও দুরন্ত রাজশাহী। দুরন্ত রাজশাহী দাবি করছে টেইটকে তারা বিপিএলের কাছে প্রথম চেয়েছে। অন্যদিকে চিটাগাং কিংস দাবি করছে তারা প্রথম চেয়েছে টেইটকে। এ ব্যাপারে অবশ্য বিপিএলের ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান গেম অন স্পোর্টসের কর্ণধাররা বলেছে, এ বিষয়টি এখনো কোন সুরাহা হয়নি।
দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান মুশফিকুর রহমান মোহন টেইট প্রসংগে বলেন, ‘আমি বিপিএলের কাছে সবার আগে টেইটকে চেয়েছি। আমার আগে বাংলাদেশের কেউ তাকে চায়নি। নিলামে অবিক্রিত খেলোয়াড় কখনো দাম-দর হয় না। যে সবার আগে চায় তারাই পাবে। কে কি বলছে আমি জানি না। টেইট আমার দলে খেলছে আমি একশ’ ভাগ নিশ্চিত’।
চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদির টেইট প্রসংগে বলেন, ‘আমরাই টেইটকে সবার আগে চেয়েছি। আমাদের কাছে কাগজে প্রমাণ আছে’।
চিটাগাং কিংসের কর্ণধারের কথার সত্যতা স্বীকার করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয়, ‘আমরা টেইটকে চিটাগাং কিংসকে দিয়েছি’।
জানা গেছে, টেইটকে ঢাকা গ্ল্যাডিয়েটরসও চেয়েছিল। পরে বিষয়টি ঘোলাটে হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তারা সরে এসেছে বলে জানা যায়।
