ম্যানসফিল্ডকে ২-১ গোলে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে পা রাখল লিভারপুল। তবে পা পিছলেছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনালের। দারুণ এক ম্যাচ শেষে সোয়ানসি সিটি ২-২ গোলে রুখে দিয়েছে তাদের।
ম্যানসফিল্ডের মাঠে আতিথেয়তা নেয়া লিভারপুল ম্যাচের শুরুতেই ড্যানিয়েল স্টারিজের গোলে এগিয়ে যায় । জনজো শেলবির দারুণ এক পাস ধরে স্টারিজ ম্যানসফিল্ড গোলরক্ষক অ্যালান ম্যারিয়টকে কোন সুযোগ না দিয়ে পোস্টের নিচের কোন থেকে বল জালে জড়িয়ে দেন। ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজতে থাকা অল রেডরা খেলার বয়স এক ঘন্টা পূর্ণ হবার আগেই পেয়ে যায় দ্বিতীয় গোল। ডান প্রান্ত থেকে উঠে আসা স্টুয়ার্ট ডাউনিঙ এর বাড়িয়ে দেয়া বল বক্সের ভেতরে আয়ত্তে নেন লুইস সুয়ারেজ। পর মুহূর্তে প্লেসিং শটে বল পাঠিয়ে দেন কাঙ্ক্ষিত ঠিকানায়। ম্যাচের শেষ দিকে ম্যানসফিল্ডের ম্যাট গ্রীনের গোল পোস্ট অভিমুখী শট দুইজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে লিভারপুলের জালে জড়ালে ব্যবধান কমায় ম্যানসফিল্ড।
ওদিকে সোয়ানসির মাঠ লিবার্টি স্টেডিয়ামে সফরকারি আর্সেনাল ২-২ গোলে ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথম ৪৫ মিনিটে গোল করতে পারেনি কোন দলই। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই দলকে এগিয়ে দেন এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে থাকা স্প্যানিশ স্ট্রাইকার মিচু।
এর কিছুক্ষণ পরেই মিনিট তিনেকের মধ্যে লুকাস পোডলস্কি এবং কাইরন গিবসের দুই গোল এগিয়ে দেয় আর্সেনালকে। তবে শেষ পর্যন্ত এই লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। ম্যাচ শেষের ঠিক আগ মুহূর্তে সোয়ানসির একটা কর্নার আর্সেনাল ডিফেন্ডাররা পুরোপুরি ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান অরক্ষিত অবস্থায় থাকা স্ট্রাইকার ড্যানি গ্রাহাম। দারুণ এক শটে বল জালে জড়িয়ে গানারদের স্তব্ধ করে দেন তিনি। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।
