ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা বলেন, সরকার অর্পিত সম্পত্তি অবমুক্তির গেজেট প্রকাশ চূড়ান্ত করেছে। প্রকাশিত ‘খ’ তফসিলে বর্ণিত সম্পত্তির মালিকানা দাবিদার কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান গেজেট বিজ্ঞপ্তির ৩শ’ দিনের মধ্যে সংশ্লি¬ষ্ট জেলা কমিটি বা ট্রাইব্যুনাল বরাবর অবশ্যই আবেদন করতে হবে। তবে পার্বত্য তিন জেলা বাদে অবশিষ্ট ৬১ জেলায় গঠিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল ও জেলা কমিটি ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। গত শনিবার জামালপুর সদর উপজেলা চত্বরে কৃষি খাস জমি বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীনদের মাঝে কবুলিয়ত দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে মন্ত্রী জামালপুর সদর উপজেলায় ৪৬টি ভূমিহীন পরিবারের স্বামী-স্ত্রী উভয়ের নামে ৯.৪ (একর) কৃষি খাস জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করেন। জামালপুর সদর উপজেলায় এ সরকারের আমলে ৩৯৩ জন ভূমিহীনের মাঝে ১.৮১ একর কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএইচএম আবদুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গুচ্ছগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সিরাজউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফুন নাহার প্রমুখ।
