দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়াতেই স্থায়ী নিবাস গড়বেন চিত্রনায়িকা শাবনূর। গেল বছর তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্বও পেয়েছেন। এদিকে হাতে তেমন একটা ছবি না থাকায় এবছর থেকে বেশকিছু চলচ্চিত্রে প্রযোজকের ভূমিকায় দেখা যাবে। তবে এখানেও তিনি শাবানার পদাঙ্ক অনুসরণ করে প্রবাসে থেকে দেশে ছবি প্রযোজনা করবেন কি না জানা যায়নি। তবে শাবনূর ভক্তদের জন্য নতুন খবর হলো, তার এই হঠাত্ অবসরে তিনি এখন নিজের আত্মজীবনী লেখা শুরু করেছেন। স্বভাবতই বলা যায়, শাবনূরের বলা কথাগুলোই অনুলিখন আকারে বই প্রকাশ হবে তার। এ প্রসঙ্গে শাবনূর বলেন,‘ প্রতি বছর বাজারে আমার নামে বিভিন্ন ধরনের বই আসে। এগুলোর প্রকাশক আমাকে দুই একটি কপি দিয়ে যায়। সবটুকুই বিভিন্ন পত্রিকায় আমার বলা না বলা কথাগুলো একটু গল্পে সাজানো। তাই এবার চাইছি একটু গুছিয়ে নিজের কথাগুলো বই আকারে প্রকাশ করবো। হয়তো এই বইমেলাতেই আমার বইটি আসবে।’
নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশের বাইরে বেশ কটি চলচ্চিত্রেও কাজ করার কথা চলছে। আগামী মাসেই এক নবাগতের সাথে তার নতুন ছবি মহরতের ঘোষণা আসতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ায় তিনি বিয়ে করে স্থায়ী হয়েছেন এমন খবর প্রসঙ্গে শাবনূর বলেন,‘ আমার বোনসহ পরিবারের অনেকেই অস্ট্রেলিয়া থাকেন। তাই সেখানেই গিয়ে থেকে আসি কিছুদিন। এটাকে যে যার মতো করে লিখতে থাকে। আমার কী করার আছে বলুন ?
