ইতিহাস চর্চায় ভাটা অর্থনৈতিক উন্নয়নের জন্য সুখকর নয়

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:০৫
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, দেশে ইতিহাস চর্চায় ভাটা পড়েছে। ইতিহাস চর্চা ও প্রকাশনা কমে যাচ্ছে। এর ফলে উন্নয়নের রূপরেখা নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি সুখবর নয়। কেননা ইতিহাস থেকে দিক-নির্দেশনা না নিলে ভবিষ্যত্ নির্মাণ করা কঠিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, অর্জন, সংকট নিয়ে যতখানি ইতিহাস চর্চা দরকার ঠিক ততখানি হচ্ছে না। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় ১০৯০ নম্বর কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনারারী অধ্যাপক এম মোফাখখারুল ইসলাম রচিত ‘এন ইকোনমিক হিস্টোরি অব বেঙ্গল ১৭৫৭-১৯৪৭’ শীর্ষক বইয়ের প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইতিহাস সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক এ এইচ আহমেদ কামাল এতে সভাপতিত্ব করেন।